একসময় রিকশাতেই জমত প্রেমের সবচেয়ে সুন্দর গল্প

একটি রিকশা, দুজন মানুষ আর শহরের ব্যস্ত রাস্তা—একসময় প্রেমের গল্পের জন্য এতটুকুই যথেষ্ট ছিল। হাতে মুঠোফোন ছিল না, ছিল না মুহূর্তে বার্তা পাঠানোর সুযোগও। প্রিয় মানুষের সঙ্গে দেখা করাই ছিল বিশেষ ঘটনা। আর সেই দেখা যখন পাশাপাশি বসে রিকশায় শহরের অলিগলি পেরিয়ে যাওয়ার সুযোগ করে দিত, তখন পথটুকুই হয়ে উঠত দিনের সবচেয়ে কাঙ্ক্ষিত সময়।
বিজ্ঞাপন
সময়ের সঙ্গে বদলেছে শহর, বদলেছে মানুষের চলাফেরা ও যোগাযোগের ধরন। প্রযুক্তি দূরত্ব কমিয়েছে, যোগাযোগকে করেছে সহজ। তবে এর সঙ্গে যেন হারিয়ে গেছে অপেক্ষার সেই পুরোনো মায়াও। তাই রিকশার কথা উঠলে অনেকের স্মৃতিতে শুধু যাতায়াতের দৃশ্য নয়, ফিরে আসে প্রেম, বন্ধুত্ব, বৃষ্টি, বিকেল আর নিরিবিলি কথোপকথনের দিনগুলো।
জাপান থেকে বাংলার শহরে
রিকশার ইতিহাস বেশ পুরোনো। এর উদ্ভাবন নিয়ে গবেষণায় বিভিন্ন মত থাকলেও ‘রিকশা’ শব্দটির উৎস জাপানি ‘জিনরিকিশা’—এমনটাই সাধারণভাবে উল্লেখ করা হয়। ‘জিন’ অর্থ মানুষ, ‘রিকি’ শক্তি এবং ‘শা’ বাহন; অর্থাৎ মানুষের শক্তিতে চালিত বাহন।
বিজ্ঞাপন
গবেষক এম উইলিয়াম স্টিলির ‘রিকশা ইন সাউথ এশিয়া, ইন্ট্রোডাকশন টু স্পেশাল সেকশন’ গবেষণায় উল্লেখ রয়েছে, ১৮৬৯ সালে জাপানে কাহার-টানা পালকির বিকল্প হিসেবে রিকশার ব্যবহার শুরু হয়। পরে চীন, হংকং ও সিঙ্গাপুরসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে।
শুরুর রিকশা অবশ্য বর্তমানের পরিচিত তিন চাকার প্যাডেলচালিত রিকশার মতো ছিল না। জাপানে তৈরি হলেও এর নকশার সঙ্গে জড়িয়ে আছে মার্কিন খ্রিষ্টান মিশনারি জোনাথন স্কোবির নাম। কথিত আছে, পঙ্গু স্ত্রীকে ইয়োকোহামা শহর ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্যে ১৮৬৯ সালে তিনি ‘জিনরিকিশা’ তৈরি করেন।
পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশেও রিকশার প্রবেশ ঘটে। ১৮৮০ সালে মিশনারি রেভারেন্ট জোর ফরডাইসের মাধ্যমে ভারতে রিকশা আসে বলে গবেষণায় উল্লেখ রয়েছে। ১৯০০ সালে কলকাতায় এর আগমন ঘটে। তবে শুরুর দিকে সাধারণ যাত্রী পরিবহনের চেয়ে মালামাল বহনের কাজেই রিকশার ব্যবহার বেশি ছিল।
বিজ্ঞাপন
ঢাকার রাস্তায় রিকশার পথচলা
পূর্ববঙ্গ, অর্থাৎ বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রিকশার প্রথম আগমন ঘটে চট্টগ্রামে। এটি মিয়ানমারের রেঙ্গুন থেকে আনা হয়েছিল। ঢাকায় রিকশা আসে ত্রিশের দশকে কলকাতা থেকে।
ইতিহাসবিদ ও অধ্যাপক ড. মুনতাসীর মামুন তার ‘ঢাকা: স্মৃতি-বিস্মৃতির নগরী’ বইয়ে উল্লেখ করেছেন, বাংলাদেশে প্রচলিত প্যাডেলচালিত সাইকেল রিকশা সিঙ্গাপুর থেকে এসেছে। ধীরে ধীরে এই বাহন ঢাকার নগরজীবনের অপরিহার্য অংশ হয়ে ওঠে।
বিজ্ঞাপন
রিকশার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় ঢাকার চলাচলের চিত্র। সরু গলি, পুরোনো মহল্লা, ব্যস্ত বাজার কিংবা ছোট রাস্তা—সবখানেই রিকশা হয়ে ওঠে নিত্যদিনের পরিচিত বাহন। প্রয়োজনের যান হিসেবে যাত্রা শুরু করলেও একসময় এটি শহরের সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গেও গভীরভাবে মিশে যায়।
ধীর গতির বাহনেই জমত প্রেম
রিকশার সঙ্গে প্রেমের স্মৃতি জড়িয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল এর ধীর গতি। দ্রুতগামী গাড়ির মতো ছুটে চলত না রিকশা। ফলে পাশাপাশি বসে দুজনের কথা বলার জন্য থাকত বাড়তি সময়।
বিজ্ঞাপন
কখনো স্কুল-কলেজ শেষে দেখা, কখনো বিকেলে নির্দিষ্ট কোনো জায়গায় অপেক্ষা, আবার কখনো বন্ধুর সঙ্গে দেখা করার অজুহাতে বেরিয়ে দুজনের একসঙ্গে রিকশায় ওঠা—গন্তব্য খুব দূরের না হলেও পথটা যেন সহজে শেষ হতো না।
কারণ তখন গন্তব্যের চেয়ে পথটাই হয়ে উঠত বেশি গুরুত্বপূর্ণ। রিকশার ধীর চলার সঙ্গে সঙ্গে এগিয়ে যেত গল্প, হাসি, অভিমান আর নীরবতার মুহূর্ত।
হুডের আড়ালে তৈরি হতো আলাদা জগৎ
বিজ্ঞাপন
প্রেমের পুরোনো গল্পে রিকশার হুডেরও ছিল আলাদা ভূমিকা। ব্যস্ত সড়কের মধ্যে হুড তুলে দিলে চারপাশ থেকে সামান্য আড়াল তৈরি হতো। পুরোপুরি ব্যক্তিগত জায়গা না হলেও দুজন মানুষের জন্য সেটুকু সময় ছিল বেশ স্বস্তির।
সেখানে চলত ফিসফিস করে কথা, মান-অভিমান, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কিংবা একেবারে সাধারণ দিনের গল্প। আবার কখনো পাশাপাশি বসে থেকেও খুব বেশি কথা হতো না। সেই নীরবতাটুকুও হয়ে উঠত সম্পর্কের নিজস্ব ভাষা।
বৃষ্টিতে আরও অন্যরকম হয়ে উঠত রিকশা
বিজ্ঞাপন
বৃষ্টি আর রিকশার সম্পর্কও যেন আলাদা এক স্মৃতি। হুডের ওপর টুপটাপ বৃষ্টির শব্দ, ভেজা রাস্তায় ধীরে এগিয়ে চলা চাকা আর পাশের মানুষটির সান্নিধ্য—এসব দৃশ্য বহু মানুষের ব্যক্তিগত স্মৃতির সঙ্গে মিশে আছে।
কখনো হুডের ফাঁক দিয়ে বৃষ্টিতে ভেজা শহর দেখা, কখনো বৃষ্টির মধ্যে পাশাপাশি বসে থাকা—রিকশা তখন শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার বাহন থাকত না। সেটি হয়ে উঠত বিশেষ কিছু মুহূর্ত ধরে রাখার এক নিঃশব্দ সাক্ষী।
অপেক্ষার মধ্যেও ছিল ভালো লাগা
বিজ্ঞাপন
বর্তমানে একটি ফোনকল বা বার্তার মাধ্যমে কয়েক সেকেন্ডেই জানা যায় প্রিয় মানুষটি কোথায়। কিন্তু একসময় যোগাযোগের সুযোগ এত সহজ ছিল না। দেখা করার জন্য নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো।
দূর থেকে কোনো রিকশা এগিয়ে আসতে দেখলেই মনে হতো, হয়তো প্রিয় মানুষটিই আসছে। আবার দেখা করার কথা থাকলেও কেউ দেরি করলে রাস্তার দিকে তাকিয়ে থাকা, একের পর এক রিকশার দিকে চোখ চলে যাওয়া—অপেক্ষাটাও তখন সম্পর্কের একটি অংশ ছিল।
রিকশা শুধু বাহন নয়, শহরের স্মৃতিও
বিজ্ঞাপন
ঢাকার রিকশা এখন কেবল যাতায়াতের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে শহরের ইতিহাস, লোকশিল্প, কর্মজীবন এবং সাংস্কৃতিক পরিচয়। ব্যক্তিগত স্মৃতির জায়গা থেকেও রিকশার গুরুত্ব আলাদা।
কারও কাছে এটি প্রথম দেখা হওয়ার স্মৃতি, কারও কাছে বৃষ্টিভেজা বিকেল, কারও কাছে বন্ধুত্বের গল্প। আবার কারও জীবনের বিশেষ কোনো সম্পর্কের সুন্দর সময়ের সঙ্গে জড়িয়ে থাকতে পারে একটি রিকশা।
শহর বদলেছে, যোগাযোগের ধরন বদলেছে, মানুষের চলার গতিও বেড়েছে। তবু বৃষ্টির দিনে হুড তোলা কোনো রিকশা ধীরে ধীরে পাশ দিয়ে চলে গেলে কিংবা পুরোনো দিনের রিকশা চোখে পড়লে অনেকের স্মৃতিতে ফিরে আসে সেই অপেক্ষার দিনগুলো।
বিজ্ঞাপন
একটি রিকশা, দুজন মানুষ আর শহরের ব্যস্ত রাস্তা—এই সামান্য আয়োজনেই একসময় তৈরি হয়ে যেত একটি পূর্ণাঙ্গ গল্প।
তথ্য সূত্র: আরামকো ওয়ার্ল্ড, ইউনেস্কো, এরা নাও (টু হুইলজ গুড)








