Logo

অবিবাহিতদের মেজাজ খারাপ করে যেসব কথা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ২০:০৮
অবিবাহিতদের মেজাজ খারাপ করে যেসব কথা
ছবি: সংগৃহীত

বন্ধুমহলে কারও বিয়ে হয়ে গেছে, কেউ আবার নতুন সংসার গুছিয়ে নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই সঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে জীবনের নতুন অধ্যায়ের কথা জানাচ্ছেন। এর মধ্যে যারা এখনো অবিবাহিত, তাদের প্রায়ই নানা প্রশ্ন ও মন্তব্যের মুখোমুখি হতে হয়। বন্ধুদের আড্ডা কিংবা পারিবারিক অনুষ্ঠানে মজার ছলে বলা কিছু কথা তাদের বিব্রত করতে পারে, তৈরি করতে পারে অস্বস্তি।

বিজ্ঞাপন

অনেক সময় কৌতূহল থেকে করা প্রশ্নও অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের মতো মনে হয়। বিশেষ করে বিয়ে নিয়ে বারবার খোঁচা দেওয়া কিংবা ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই অবিবাহিত বন্ধুদের সঙ্গে কথা বলার সময় কয়েকটি বিষয় এড়িয়ে চলা জরুরি।

‘তোমার বিয়ের বয়স কিন্তু পার হয়ে যাচ্ছে’

বিয়ে নিয়ে আলোচনায় অবিবাহিতদের সবচেয়ে বেশি শুনতে হয় এমন মন্তব্য। অথচ প্রত্যেক মানুষের জীবনযাপন, পরিকল্পনা ও অগ্রাধিকার আলাদা। কেউ আগে ক্যারিয়ার গুছিয়ে নিতে চান, কেউ মানসিকভাবে প্রস্তুত হওয়ার অপেক্ষায় থাকেন। আবার কেউ হয়তো নিজের পছন্দের জীবনসঙ্গী খুঁজে পাননি। বয়সের সঙ্গে বিয়ের সিদ্ধান্তকে জুড়ে দিয়ে এমন মন্তব্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি অযথা চাপ অনুভব করতে পারেন।

বিজ্ঞাপন

‘আর কত বাছবিচার করবে?’

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পছন্দ-অপছন্দ ও ব্যক্তিগত চাহিদা থাকা স্বাভাবিক। কারণ, বিয়ে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও দায়িত্বের সঙ্গে জড়িত। তাই উপযুক্ত মানুষ বেছে নেওয়ার চেষ্টা করাকে খুঁতখুঁতে স্বভাব বলে মন্তব্য করা উচিত নয়। এমন কথা কারও আত্মবিশ্বাসে আঘাত করতে পারে এবং নিজের সিদ্ধান্ত নিয়ে তাকে অস্বস্তিতে ফেলতে পারে।

‘বিয়ে না করলে একা একা বিষণ্ণ হয়ে পড়বে’

বিজ্ঞাপন

বিয়ে না করলে মানুষ একা হয়ে যাবেন কিংবা বিয়ে করলেই জীবনের সব একাকিত্ব দূর হবে—এমন ধারণা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেকেই অবিবাহিত থেকেও পরিবার, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে আনন্দময় জীবন কাটান। আবার বিবাহিত জীবনেও নানা ধরনের মানসিক চ্যালেঞ্জ থাকতে পারে। তাই কারও ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক মন্তব্য না করে তার বর্তমান জীবন ও পছন্দকে সম্মান করা প্রয়োজন।

‘বিয়ে করো, জীবন অনেকটাই হালকা লাগবে’

বিয়ের পর জীবনে ভালোবাসা, সাহচর্য ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। তবে এর সঙ্গে নতুন দায়িত্ব, পারিবারিক সমন্বয় এবং নানা চ্যালেঞ্জও যুক্ত হয়। তাই বিয়ে করলেই জীবন সহজ হয়ে যাবে, এমন নিশ্চয়তা নেই। কেউ বিয়ের জন্য প্রস্তুত না থাকলে তাকে বারবার এ বিষয়ে পরামর্শ দেওয়া অস্বস্তির কারণ হতে পারে।

বিজ্ঞাপন

‘তোমার দিন তো ভালোই কাটছে, কোনো দায়িত্ব নেই’

অবিবাহিত মানেই দায়িত্বহীন বা দুশ্চিন্তামুক্ত জীবন—এ ধারণা ঠিক নয়। পরিবারকে সহযোগিতা করা, কর্মক্ষেত্রের চাপ সামলানো, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা কিংবা নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা—এসব দায়িত্ব অনেকের জীবনেই থাকে। শুধু বৈবাহিক অবস্থার ভিত্তিতে কারও জীবনকে সহজ বলে ধরে নেওয়া তার ব্যক্তিগত সংগ্রামকে ছোট করে দেখার শামিল।

বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও এড়িয়ে চলুন

বিজ্ঞাপন

একটি নির্দিষ্ট বয়সের পর বিয়ে না করলে অনেককে নানা প্রশ্ন ও অনুমানের মুখে পড়তে হয়। কেউ কেন বিয়ে করছেন না, কবে করবেন কিংবা তার জীবনে বিশেষ কেউ আছেন কি না—এসব বিষয়ে বারবার প্রশ্ন করা ব্যক্তিগত গণ্ডি অতিক্রম করতে পারে। কেউ নিজে থেকে বিষয়টি নিয়ে কথা না বললে তাকে জোর করে আলোচনায় টেনে আনা উচিত নয়।

বিয়ে প্রতিটি মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। কারও জীবনের সময়সূচি অন্যের সঙ্গে মিলতেই হবে, এমন কোনো নিয়ম নেই। বন্ধুত্বের সম্পর্ক সুন্দর রাখতে অন্যের পছন্দ, প্রস্তুতি ও ব্যক্তিগত পরিসরের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। মজার ছলে বলা কোনো কথা যদি বন্ধুকে কষ্ট দেয়, তাহলে সেই মন্তব্য থেকে বিরত থাকাই ভালো। প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে খোঁটা দেওয়ার মাধ্যমে নয়, বরং একে অপরের সিদ্ধান্তকে সম্মান করা এবং প্রয়োজনের সময় পাশে থাকার মধ্য দিয়ে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD