আজ বিশ্ব চকলেট দিবস, জানুন প্রিয় মিষ্টির পাঁচ জনপ্রিয় ধরন

শিশু থেকে প্রাপ্তবয়স্ক—চকলেটের প্রতি আকর্ষণ রয়েছে নানা বয়সের মানুষের। কখনো মন ভালো করার খাবার, কখনো প্রিয়জনকে উপহার দেওয়ার মাধ্যম, আবার কখনো উৎসবের আনন্দ বাড়ানোর অনুষঙ্গ হিসেবে চকলেটের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এই মিষ্টি খাবারের প্রতি ভালোবাসা উদযাপনে প্রতিবছর ২৮ অক্টোবর পালিত হয় চকলেট দিবস।
বিজ্ঞাপন
চকলেটের রয়েছে নানা রকম স্বাদ, রং ও ব্যবহার। দুধের মিষ্টি স্বাদযুক্ত চকলেট যেমন অনেকের পছন্দ, তেমনি রান্না ও মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয় বিশেষ ধরনের চকলেট। যুক্তরাষ্ট্রের মিষ্টান্ন প্রস্তুতকারকদের উদ্যোগে দিবসটি পরিচিতি পায়। দিনটি চকলেটের বিভিন্ন ধরন ও স্বাদের বৈচিত্র্য তুলে ধরারও একটি উপলক্ষ।
চকলেট তৈরি হয় যেভাবে
চকলেট তৈরির প্রধান কাঁচামাল আসে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মানো ক্যাকাও গাছের বীজ থেকে। মেক্সিকো, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে এই গাছের উৎপত্তি ও চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, প্রায় খ্রিষ্টপূর্ব ১১০০ সাল থেকেই ক্যাকাও বীজ চাষের প্রমাণ পাওয়া যায়।
বিজ্ঞাপন
চকলেট তৈরির প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে ক্যাকাও বীজ গাঁজন করা হয়, যা এর স্বাদ ও সুগন্ধ বিকাশে সাহায্য করে। এরপর বীজ শুকিয়ে পরিষ্কার করে ভাজা হয়। খোসা ছাড়িয়ে পাওয়া যায় ক্যাকাও নিবস। সেগুলো গুঁড়ো করে তৈরি করা হয় চকলেটের মূল উপাদান। পরে চকলেটের ধরন অনুযায়ী চিনি, দুধ ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় বিভিন্ন স্বাদের চকলেট।
চকলেটের পাঁচ জনপ্রিয় ধরন
১. চিনি ছাড়া রান্নার চকলেট
বিজ্ঞাপন
এই চকলেটে মূলত ক্যাকাওয়ের কঠিন অংশ ও ক্যাকাও বাটার থাকে। এতে চিনি যোগ করা হয় না বলে স্বাদ বেশ তীব্র ও তেতো হয়। কেক, বিস্কুট, ব্রাউনি এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরিতে এটি ব্যবহার করা হয়।
২. মিষ্টি চকলেট
ক্যাকাওয়ের কঠিন অংশ, ক্যাকাও বাটার এবং চিনি দিয়ে তৈরি হয় মিষ্টি চকলেট। উপাদানের অনুপাতের ওপর নির্ভর করে এর স্বাদ ও মিষ্টির মাত্রা। কেউ বেশি মিষ্টি চকলেট পছন্দ করেন, আবার কেউ তুলনামূলক কম মিষ্টি স্বাদের চকলেট বেছে নেন।
বিজ্ঞাপন
৩. দুধের চকলেট
ক্যাকাওয়ের উপাদানের সঙ্গে গুঁড়া দুধ বা ঘন দুধ মিশিয়ে তৈরি করা হয় দুধের চকলেট। এর স্বাদ সাধারণত মিষ্টি এবং গঠন মসৃণ ও ক্রিমের মতো। সহজে খাওয়া যায় এবং নানা ধরনের মিষ্টান্নেও ব্যবহার করা যায় বলে এটি চকলেটপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়।
৪. সাদা চকলেট
বিজ্ঞাপন
ক্যাকাও বাটার, চিনি ও দুধের উপাদান দিয়ে তৈরি হয় সাদা চকলেট। সাধারণ ডার্ক বা মিল্ক চকলেটের মতো এতে ক্যাকাওয়ের কঠিন অংশ থাকে না। এ কারণে এর রং সাদা বা ক্রিমের মতো এবং স্বাদও অন্য চকলেটের তুলনায় আলাদা।
৫. গোলাপি চকলেট
রুবি চকলেট নামে পরিচিত এই ধরনের চকলেট বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় নির্দিষ্ট বৈশিষ্ট্যের ক্যাকাও বীজ থেকে। এর প্রাকৃতিক গোলাপি আভা এবং ফলের মতো সুগন্ধ ও হালকা টক-মিষ্টি স্বাদ একে অন্য ধরনের চকলেট থেকে আলাদা করেছে। রং ও স্বাদের বৈচিত্র্যের কারণে এটি চকলেটপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয়।
বিজ্ঞাপন
চকলেট শুধু একটি মিষ্টি খাবার নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ ইতিহাস, বৈচিত্র্যময় স্বাদ ও বিশেষ প্রস্তুতপ্রণালি। কেউ দুধের চকলেট পছন্দ করেন, কেউ সাদা চকলেট, আবার কেউ বেছে নেন তীব্র স্বাদের ডার্ক চকলেট। চকলেট দিবস তাই প্রিয় এই খাবারের নানা ধরন সম্পর্কে জানার পাশাপাশি স্বাদ ও বৈচিত্র্য উদযাপনেরও একটি উপলক্ষ।








