Logo

ব্যস্ততার ভিড়ে সঙ্গীকে সময় দিন, আজ দাম্পত্য দিবস

profile picture
জনবাণী ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬, ১৬:৩৯
ব্যস্ততার ভিড়ে সঙ্গীকে সময় দিন, আজ দাম্পত্য দিবস
ছবি: সংগৃহীত

প্রতিবছর ২২ নভেম্বর জাপানে উদযাপিত হয় ‘শুভ দাম্পত্য দিবস’। দেশটিতে দিনটি ‘ইই ফুফু নো হি’ নামে পরিচিত। বিবাহিত দম্পতিদের পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস, সম্মান ও সম্প্রীতির বন্ধনকে গুরুত্ব দিতেই দিবসটির প্রচলন। ২০২৬ সালে দিনটি পড়েছে রোববার।

বিজ্ঞাপন

দৈনন্দিন জীবনের ব্যস্ততা, কাজের চাপ ও পারিবারিক দায়িত্বের কারণে অনেক সময় স্বামী-স্ত্রীর একান্তে সময় কাটানোর সুযোগ কমে যায়। এই দিবস সেই ব্যস্ততার মধ্যেও জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের কথা মনে করিয়ে দেয়।

যেভাবে শুরু হয়েছিল দিবসটি

১৯৮৮ সালে জাপানের উৎপাদনশীলতা কেন্দ্র ‘শুভ দাম্পত্য দিবস’ পালনের উদ্যোগ নেয়। ২২ নভেম্বর তারিখটি নির্বাচনের পেছনে রয়েছে ভাষাগত একটি বিশেষত্ব। জাপানি ভাষায় তারিখটির উচ্চারণ ‘ইই ফুফু’ শব্দের সঙ্গে মিলে যায়, যার অর্থ ‘ভালো দম্পতি’।

বিজ্ঞাপন

এই শব্দের তাৎপর্য থেকেই দিনটি দাম্পত্য সম্পর্কের সৌন্দর্য ও পারস্পরিক বোঝাপড়া উদযাপনের উপলক্ষে পরিণত হয়।

যেভাবে দিনটি উদযাপন করেন দম্পতিরা

জাপানে দিবসটি উপলক্ষে অনেক দম্পতি একসঙ্গে সময় কাটান। কেউ প্রিয়জনকে উপহার দেন, কেউ ঘুরতে বের হন, আবার কেউ ঘরেই একান্তে সময় কাটিয়ে পুরোনো স্মৃতি রোমন্থন করেন।

বিজ্ঞাপন

এ দিন জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর করার উদ্যোগও নেন অনেকে। ছোট ছোট যত্ন ও আন্তরিক আচরণের মাধ্যমে দাম্পত্য বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

জাপান ছাড়িয়ে বিশ্বজুড়ে প্রাসঙ্গিকতা

শুভ দাম্পত্য দিবসের সূচনা জাপানে হলেও এর মূল বার্তা বিশ্বের সব দেশের দম্পতির জন্যই প্রাসঙ্গিক। ভালোবাসা, বিশ্বাস, সম্মান ও পারস্পরিক বোঝাপড়া—সুস্থ দাম্পত্য জীবনের এই ভিত্তিগুলো সর্বজনীন।

বিজ্ঞাপন

দিনটি মনে করিয়ে দেয়, সম্পর্ক সুন্দর রাখতে সব সময় বড় আয়োজন কিংবা দামি উপহারের প্রয়োজন হয় না। বরং একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা, অনুভূতির মূল্য দেওয়া এবং কঠিন সময়ে পাশে থাকাই সম্পর্ককে গভীর করে।

তাই আজকের দিনে জীবনসঙ্গীকে একটু বাড়তি সময় দেওয়া, মনের কথা বলা কিংবা আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হতে পারে দাম্পত্য সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করার সুন্দর উপলক্ষ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD