ঘূর্ণিঝড়-নিম্নচাপের প্রভাব কাটতেই বাড়ছে শীতের আমেজ

ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাব কাটতেই পশ্চিমবঙ্গে আবারও শীতের আমেজ ফিরতে শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতাসহ রাজ্যটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর।
বিজ্ঞাপন
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমছে। আগামী কয়েক দিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। ফলে শহরটিতে শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সাম্প্রতিক সময়ে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক দিনে এ অঞ্চলের বিভিন্ন এলাকায় পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে তাপমাত্রা কমার পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর।
বিজ্ঞাপন
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর ও মালদহে ভোরের দিকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ দশমিক ৬ ডিগ্রি বেশি। অন্যদিকে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৬ ডিগ্রি বেশি।
সব মিলিয়ে ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাব পুরোপুরি কাটার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে শীতের পরিস্থিতি জোরালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আরও নামলে উত্তর ও দক্ষিণবঙ্গজুড়েই বাড়বে শীতের অনুভূতি।








