Logo

পূর্ণ স্বাধীন ও পৃথক হলো বিচার বিভাগ, অধ্যাদেশ জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ২১:৩২
পূর্ণ স্বাধীন ও পৃথক হলো বিচার বিভাগ, অধ্যাদেশ জারি
ছবি: সংগৃহীত

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে আদালত ও বিচার বিভাগের কার্যক্রম সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হলো।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে অধ্যাদেশ জারি করা হয়। এটি সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দিক নির্দেশ করে এবং হাইকোর্ট ও আপিল বিভাগসহ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রমের তত্ত্বাবধানকে স্বতন্ত্র ও কার্যকরভাবে পরিচালনার সুযোগ সৃষ্টি করে।

এর আগে ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠনের খসড়া অনুমোদন দিয়েছিল। প্রধান বিচারপতির উদ্যোগে ২০২৪ সালের ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট থেকে বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাবে সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের কার্যক্রম যথাযথভাবে সম্পাদনের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার বিস্তারিত পরিকল্পনা এবং সম্ভাব্য অর্গানোগ্রাম ও রুলস অব বিজনেস প্রস্তাব করা হয়েছিল।

বিজ্ঞাপন

অধ্যাদেশ জারি হওয়ার মাধ্যমে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তব রূপ পেল। এটি বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে এখন থেকে বিচার বিভাগ নিজস্ব প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থার অধীনে পরিচালিত হবে, যা আদালতের কার্যক্রমকে আরও দক্ষ, স্বতন্ত্র এবং দ্রুত করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD