Logo

চট্টগ্রামে উদ্বোধন হলো পেপারলেস ই-পারিবারিক আদালত

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৩০ নভেম্বর, ২০২৫, ১৯:৩৫
চট্টগ্রামে উদ্বোধন হলো পেপারলেস ই-পারিবারিক আদালত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে রবিবার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ই-পারিবারিক আদালত। ঘরে বসেই মামলার আবেদন, নথি জমা, তথ্য জানানো এবং সাক্ষ্য দেওয়ার সুযোগ মিলবে এই আদালতে। বিচারব্যবস্থাকে আধুনিক, সহজ ও দ্রুত করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই ই-পারিবারিক আদালতে পাঁচ ধরনের পারিবারিক মামলার বিচার কার্যক্রম পরিচালিত হবে—বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ এবং সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত।

উদ্বোধন অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বলেন, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো এবং প্রযুক্তিনির্ভর বিচারসেবা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ হলো এই আদালত। মামলার আবেদন থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রম—সবই অনলাইনে সম্পন্ন হবে। কাগজপত্রের প্রয়োজন হবে না, নথি হারানোর ঝুঁকিও থাকবে না। খুদে বার্তার মাধ্যমেও মামলার সব তথ্য পাওয়া যাবে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, এটি পুরোপুরি পেপারলেস আদালত। আধুনিক সফটওয়্যার এবং সঠিক প্রযুক্তির ব্যবহারে মামলার কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত হবে। দীর্ঘদিনের পারিবারিক বিরোধও দ্রুত নিষ্পত্তি লাভ করবে।

নতুন এই ই-পারিবারিক আদালতের ওয়েবসাইটের মাধ্যমে মামলা রেজিস্ট্রেশন, আইনজীবী নির্বাচন, নথি আপলোড, অনলাইন হাজিরা এবং ওটিপি ভেরিফিকেশনসহ সব ডিজিটাল সুবিধা পাওয়া যাবে। ফলে দেশের যেকোনো স্থান থেকে সহজেই মামলা দায়ের ও পরিচালনা সম্ভব হবে।

বিজ্ঞাপন

আদালত কর্তৃপক্ষ আশা করছেন, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চট্টগ্রামের পারিবারিক মামলার নিষ্পত্তি গতি বাড়াবে এবং বিচারপ্রার্থীদের জন্য সময় ও খরচ বাঁচাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD