টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেফতার এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের পরিকল্পনা, অর্থায়ন, ব্যবহৃত অস্ত্র এবং জড়িত অন্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থা।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাঈল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের উপপরিদর্শক মো. ইরফান খান সুইডেন আসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আবেদনে হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনা, এতে কারা ইন্ধন দিয়েছেন, হত্যায় ব্যবহৃত অস্ত্র এবং অন্য সহযোগীদের শনাক্ত করার জন্য আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটনকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী।
বিজ্ঞাপন
গুলিবিদ্ধ টিটনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এজাহারে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে বিরোধের কথা উল্লেখ করা হয়েছে। ওই দরপত্রকে কেন্দ্র করে টিটনের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল বলে অভিযোগ করেছেন মামলার বাদী।
টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
মামলাটির তদন্তের ধারাবাহিকতায় রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেফতার করা হয়। দেশ ছেড়ে বিদেশে যাওয়ার চেষ্টা করার সময় তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারের পর সোমবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।








