তিনদিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় তিন দিনের পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খানকে। একই সঙ্গে তার জামিনের আবেদনও খারিজ করেছেন আদালত।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন রিমান্ড শেষে সিরাজুল হক খানকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক কৃষ্ণদাস বৈরাগী। তিনি আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ নভেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সিরাজুল হক খানকে গ্রেফতার করা হয়। এ সময় রমনা থানা পুলিশ সহযোগিতা করে। গ্রেফতারের পরদিন তাকে আদালতে হাজির করা হলে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৫টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আন্দোলনে যোগ দেন সরকারি বাঙলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ। ওই সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন সাগর।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সাগরের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলাতেই গ্রেফতার হন সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান।








