Logo

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড চায় সিআইডি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ১৭:০০
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড চায় সিআইডি
ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বর থেকে টেনে নামানো, মুসল্লিদের ওপর হামলা এবং মসজিদের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় করা মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিজ্ঞাপন

ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্ররোচনা ছিল কি না, অর্থের লেনদেন হয়েছে কি না এবং হামলায় কারা জড়িত ছিলেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত সংস্থাটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। বিকেলে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জমা দেন। আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মামলার এজাহার অনুযায়ী, ওই দিন দুপুরে বাদী মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। তখন ইসলামী ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। অভিযোগ করা হয়েছে, সাবেক খতিব মুফতি রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে আঘাত করেন। এ সময় তার হাত থেকে মাইকও কেড়ে নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এজাহারে আরও বলা হয়, মুসল্লিরা বাধা দেওয়ার চেষ্টা করলে রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। এতে তার চোখ গুরুতর আহত হয়। অন্য আসামিরাও বাদীসহ উপস্থিত মুসল্লিদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। ওই হামলায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে সিআইডি সাতটি কারণ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে, ঘটনায় রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, হামলার পেছনে ব্যক্তি বা দলীয় প্ররোচনা এবং আর্থিক লেনদেনের তথ্য অনুসন্ধান, হামলায় নেতৃত্বদানকারীদের শনাক্ত করা এবং ঘটনার পরিকল্পনা ও উদ্দেশ্য উদঘাটন।

পাশাপাশি আহত মুসল্লিদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরে কার কী ভূমিকা ছিল, তা নির্ধারণ এবং মামলার অন্য আসামিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্যও তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD