ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত।
আদালতের এ নির্দেশনার ফলে পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের সুযোগ থাকছে না। এতে চলমান ভর্তি পরীক্ষার সূচি নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ব্যাপকসংখ্যক আবেদন জমা পড়ে। মাত্র সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি আবেদন করেন। গত কয়েক বছরের তুলনায় এ সংখ্যা সর্বোচ্চ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষা বোর্ডের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। এ লক্ষ্যে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। এরপর ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার কথা। পাশাপাশি ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত যেসব উত্তরপত্রে নম্বর পরিবর্তন হবে, সেগুলো যাচাই-বাছাই করা হবে।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল।
এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি ২০২৭, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, মেডিকেল ও ডেন্টাল কলেজসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে। হাইকোর্টের আদেশের পর এসব পরীক্ষার সময়সূচি কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এবারই পাসের হার সর্বনিম্ন ছিল।








