Logo

হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় আমি সন্তুষ্ট: রামিসার বাবা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৪:১৬
হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় আমি সন্তুষ্ট: রামিসার বাবা
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা বলেন, ‘দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।’

আদালত রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন, শিশু রামিসার হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রকৃতির। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি বলে মত দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে রায় পাঠ। এ সময় আদালতে উপস্থিত ছিলেন রামিসার বাবা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে মামলাটির শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন হাফিজুর রহমান খান।

হাইকোর্টের রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও স্বপ্না খাতুন খালাস পাওয়ায় পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন রামিসার বাবা। রায়ের বিস্তারিত জানার পর নিজের পরবর্তী সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানোর কথাও বলেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD