আইনজীবী রঞ্জুর ওপর হামলা, নয়নকে গ্রেপ্তারের দাবি শিশির মনিরের

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান। রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে শিশির মনির বলেন, অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর সঙ্গে তার কথা হয়েছে। রঞ্জু তাকে জানিয়েছেন, হামলাকারীদের কাছে বারবার নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘আমি অমুক নই, আমার নাম রঞ্জু। আপনি আমাকে চেনেন। আমি ফেসবুকে অ্যাক্টিভ। আমি লইয়ার্স কাউন্সিল এবং জামায়াতে ইসলামীর লোক।’ এরপরও তাকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে রড দিয়ে মারধর করা হয়েছে।
সরকারের উদ্দেশে শিশির মনির বলেন, এই অরাজক পরিস্থিতি যদি আপনারা বন্ধ করতে না পারেন, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিজেরাই খারাপ করতে বাধ্য করছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। এ অপরাধে একটি মামলা রুজু করা দরকার। পাশাপাশি দায়িত্বশীলদের পক্ষ থেকে আলাদা সংবাদ সম্মেলন করে ওই ব্যক্তির ছবি ও পরিচয় সুপ্রিম কোর্টের মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া উচিত।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর ওপর হামলার ঘটনায় বিচার না হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠবে বলে সতর্ক করেন শিশির মনির। তার ভাষ্য, এভাবে একজন আইনজীবীকে অসম্মান করে কেউ পার পেয়ে গেলে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে আর কিছু থাকবে না।
তিনি বলেন, আমাদের দায়িত্ব আইনের শাসনের জন্য কাজ করা। যিনি এ কাজ করেছেন, তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। আইনজীবীরা কীভাবে প্রতিবাদ করেন, তার ভাষা সম্ভবত তার পক্ষে বোঝা সম্ভব নয়।
বিজ্ঞাপন
শিশির মনির আরও বলেন, আগামীকালই এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং অভিযুক্ত ব্যক্তিকে বিচারের আওতায় আনা সবার স্বার্থেই জরুরি।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন অবিলম্বে রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি জানান। এ ছাড়া বক্তব্য দেন জামায়াত নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট গোলাম রহমান ও অ্যাডভোকেট সাইফুর রহমানসহ অন্যরা।








