Logo

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন টিউলিপ সিদ্দিক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ১৩:৫৬
ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন টিউলিপ সিদ্দিক
ছবি : জনবাণী গ্রাফিক্স

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও মামলার কারণে যুক্তরাজ্য সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল তাকে।

বিজ্ঞাপন

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ছিল, শেখ হাসিনার শাসনামলে তিনি প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা নিয়েছিলেন। পূর্বাচলে পরিবারের জন্য একটি সরকারি প্লট বরাদ্দ পেতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে করা মামলায় গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়।

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন লন্ডনে বসবাসরত টিউলিপ। তার দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পেছনে ব্যক্তিগত বিরোধের প্রভাব রয়েছে।

২০২৫ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেন। সে সময় তিনি দাবি করেছিলেন, শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের পরোক্ষ শিকার হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে টিউলিপ আবারও নিজেকে উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার বলে দাবি করেন। তিনি জানান, এ বিষয়ে একজন আইনজীবীর সঙ্গে তার আলোচনা হয়েছে। ওই আইনজীবী তাকে জানিয়েছেন, ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার যথেষ্ট ভিত্তি থাকতে পারে।

টিউলিপের ভাষ্য, বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক পর্যালোচনা করছেন তিনি। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এদিকে, টিউলিপের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন

টিউলিপ আরও দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত জানতে তিনি একাধিকবার চেষ্টা করেছেন। এ জন্য তার আইনজীবীরা বাংলাদেশ সরকারের কাছে চিঠিও পাঠিয়েছিলেন। কিন্তু সেসব চিঠির কোনো জবাব পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসের কাছে হাতে লেখা একটি চিঠি পাঠানোর কথাও উল্লেখ করেন টিউলিপ। তার দাবি, ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করলেও তিনি দেখা করতে রাজি হননি।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন টিউলিপ। তিনি বলেন, ‘আমাকে ঠিক কী অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

টিউলিপের ভাষ্য অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখার পরই তিনি প্রথম জানতে পারেন যে বাংলাদেশে তাকে সাজা দেওয়া হয়েছে।

বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন টিউলিপ। তার দাবি, নিরাপত্তা হুমকির মুখে পড়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্টারমার তাকে বার্তা পাঠিয়েছিলেন।

তবে টিউলিপকে ঘিরে যুক্তরাজ্যে রাজনৈতিক চাপ ও সমালোচনা বাড়তে থাকায় শেষ পর্যন্ত স্টারমার তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বলেন।

বিজ্ঞাপন

সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD