হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে রাখার আবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মজুমদার।
এরআগে, রাজধানীর উত্তরা পশ্চিপ থানার একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা ও পলাতক আসামিদের বিষয়ে তিনি তথ্য দিয়েছেন।
বিজ্ঞাপন
এ ছাড়া সিআইডির সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় দায়ের করা আরও একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার আসামি নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
বিজ্ঞাপন
এরআগে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাবেক এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। এসব মামলার অধিকাংশই সিলেটে দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাগুলো তদন্তাধীন রয়েছে।
তিনি আরও জানান, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি তার মেয়ের বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি। তবে তিনি কত দিন ধরে ওই বাসায় অবস্থান করছিলেন, সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।








