Logo

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশ নিয়ে আপিল শুনানি সোমবার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ২০:৩৩
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশ নিয়ে আপিল শুনানি সোমবার
ছবি: সংগৃহীত

বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হবে সোমবার (২৩ নভেম্বর)। শুনানির জন্য আবেদনটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর সোমবার আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ শুনানির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে চলমান আইনি জটিলতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হয়। শুনানি শেষে তিনি বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন। তবে চেম্বার আদালত হাইকোর্টের আগের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি।

সেদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে, রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ূম ও আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ দিপা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

চেম্বার আদালতের সিদ্ধান্তের বিষয়ে আইনজীবী কামরুন নাহার মাহমুদ দিপা ও ব্যারিস্টার আবদুল কাইয়ূম লিটন জাগো নিউজকে জানান, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। তবে চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। আগামী ২৩ নভেম্বর এ বিষয়ে শুনানি হবে।

বিজ্ঞাপন

হাইকোর্টের আদেশে কী বলা হয়েছিল

গত বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত।

আদালতের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন ভর্তি আবেদনের পোর্টাল চালু রাখার কথা বলা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চমাধ্যমিকের সম্পূরক পরীক্ষা এবং উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অংশ নেওয়া যোগ্য শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে বলা হয়।

বিজ্ঞাপন

এই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে চেম্বার আদালত আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে শুনানির তারিখ নির্ধারণ করেন।

কেন হাইকোর্টে রিট করা হয়েছিল

উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের সময়ের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচির সমন্বয় না থাকায় রিটটি করা হয়।

বিজ্ঞাপন

গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ এ আবেদন করেন। রিটে বলা হয়, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে এসব সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২৩ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কিন্তু এর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে। ফলে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়টির তিনটি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সম্পূরক পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরাও সময়মতো ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারাতে পারেন।

রিটে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের অনুরোধ জানিয়েছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে এ বিষয়টি যথাযথভাবে বিবেচনা করেনি।

এ অবস্থায় সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সব যোগ্য শিক্ষার্থী যাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সমান সুযোগ পান, সে লক্ষ্যে ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ের নির্দেশনা চেয়ে আদালতের দ্বারস্থ হন রিটকারী আইনজীবী।

বিজ্ঞাপন

সোমবার আপিল বিভাগের শুনানিতে হাইকোর্টের আদেশের বিষয়ে কী সিদ্ধান্ত আসে, তার ওপর নির্ভর করছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চলমান ভর্তি কার্যক্রমের পরবর্তী পরিস্থিতি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD