Logo

আদালত অবমাননা : এবি পার্টির ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৪:২৩
আদালত অবমাননা : এবি পার্টির ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ | ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া সম্পর্কে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ব্যারিস্টার ফুয়াদ। তার বক্তব্য শোনার পর বিচারিক প্যানেল তাকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করার নির্দেশ দেন।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ফুয়াদ বলেন, গত ২৮ অক্টোবর রাজনৈতিক একটি সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও ভুক্তভোগীদের নিয়ে বিভিন্ন কথা বলেছিলেন তিনি। তবে ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’—এমন কোনো বক্তব্য দেননি বলে দাবি করেন। তার বক্তব্য গণমাধ্যমে ভিন্নভাবে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফুয়াদ আরও বলেন, ট্রাইব্যুনালকে লক্ষ্য করে কোনো মন্তব্য করার উদ্দেশ্য তার ছিল না। তিনি মূলত পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদন উদ্ধৃত করে দুর্নীতির বিষয়টি তুলে ধরেছিলেন।

ফুয়াদকে সতর্ক করে যা বললেন বিচারকরা

এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’—এ ধরনের বক্তব্য গুরুতর অপরাধ। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ডের বিষয়টিও উল্লেখ করেন বিচারকরা।

বিজ্ঞাপন

তারা বলেন, আদালত অবমাননা করলে কারাগারে যেতে হয়। তবে ফুয়াদ একজন আইনজীবী ও ব্যারিস্টার এবং সম্মানীয় ব্যক্তি। তার মতো ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়।

ট্রাইব্যুনাল আরও বলেন, রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। কারণ দায়িত্বশীল ব্যক্তির একটি মন্তব্যের কারণে কোনো প্রতিষ্ঠানের ওপর সাধারণ মানুষের আস্থা নষ্ট হতে পারে। তাই ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাকে আরও সতর্ক থাকতে হবে।

এরপর নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ হিসেবে উল্লেখ করেন ফুয়াদ। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে বিচারব্যবস্থাকে যেকোনো ধরনের সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

যেভাবে শুরু হয়েছিল আদালত অবমাননার অভিযোগ

এর আগে গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে তাকে ৪ নভেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় নির্ধারিত দিনে হাজির হতে পারেননি ফুয়াদ। তার আইনজীবীরা শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চান। পরে ট্রাইব্যুনাল ২৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

এবি পার্টির একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করেছিলেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে মন্তব্য করার অভিযোগ ওঠে।

বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এলে স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয় বলে এর আগে জানিয়েছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

সোমবার ফুয়াদের ব্যাখ্যা শোনার পর তাকে সতর্ক করে আদালত অবমাননার বিষয়টি নিষ্পত্তি করেন ট্রাইব্যুনাল। ফলে এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী কোনো শাস্তিমূলক নির্দেশ দেওয়া হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD