Logo

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে ইনুসহ ১০ আসামি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৯
কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে ইনুসহ ১০ আসামি
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলায় আসামিদের অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে আবেদনের শুনানিকে সামনে রেখে সোমবার (২৩ নভেম্বর) সকালে তাদের কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়।

তবে নিরাপত্তাজনিত কারণে একই মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নেবেন।

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের অব্যাহতির আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামির সংখ্যা ৪১। গত ১৬ নভেম্বর পলাতক সাত আসামির অব্যাহতি চেয়ে শুনানি করেন স্টেট ডিফেন্সের আইনজীবী আমির হোসেন। অন্যদিকে গ্রেপ্তার ১১ আসামির পক্ষে সময় চাওয়া হলে পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সেদিন তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক অভিযোগগুলো আদালতে উপস্থাপন করেন। পাশাপাশি মামলার পটভূমি এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। শুনানিতে শেখ হাসিনার শাসনব্যবস্থা কীভাবে স্বৈরাচারী রূপ নিয়েছিল, সে বিষয়েও বর্ণনা দেন তিনি।

বিজ্ঞাপন

মামলার পলাতক আসামিদের তালিকায় শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের একাধিক সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে ২৭ জুলাই প্রসিকিউশনের দাখিল করা ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয়। এরপর ১৬ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় ওই ৩০ জনকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের আনা অভিযোগে দুটি পৃথক হত্যাযজ্ঞের ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD