Logo

সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৭
সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গত ১৭ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজন বন্ধ রাখার কথা ছিল।

বিজ্ঞাপন

এ ছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন আদালত। এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকার সংযুক্তি-বি অনুসারে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা ঢাকা পোস্টকে জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর তাঁদের পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, এসব শিক্ষার্থীর ফল প্রকাশের আগেই ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছিল ইউজিসি। বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন।

বিজ্ঞাপন

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। ওই বৈঠকে আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা আয়োজন এবং ১ জানুয়ারির পর ভর্তি আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত ও আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে ইউজিসির বৈঠকের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় আগের ঘোষিত সময়সূচি অনুসরণ করে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়। বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ২০২৬ আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল।

আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আর কার্যকর থাকছে না। ফলে বিশ্ববিদ্যালয়গুলো তাদের পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এতে ভর্তি পরীক্ষার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কাটবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD