Logo

স্ত্রী স্বামীর সম্পত্তি নন, তিনি একজন স্বতন্ত্র মানুষ: আদালতে বিচারক

profile picture
আজাহারুল ইসলাম সুজন
২৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৮
স্ত্রী স্বামীর সম্পত্তি নন, তিনি একজন স্বতন্ত্র মানুষ: আদালতে বিচারক
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে মো. নুরুল আবসার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩-এর বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় প্রতীয়মান হয়েছে, আসামি মো. নুরুল আবসার তার স্ত্রী ভিকটিম মোছা. খাবিরুন নেছাকে হত্যা করেছেন। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে ভিকটিমের শরীরে ব্যাপক মারধরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অপরাধ প্রমাণিত হয়েছে।

আদালত পর্যবেক্ষণে আরও বলেন, স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং এটি একটি অপরাধ। বিবাহ কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়; বরং এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন। স্ত্রীর কোনো আচরণ, মতভেদ কিংবা দাম্পত্য কলহ স্বামীকে তার প্রতি নির্যাতন, শারীরিক আঘাত কিংবা হত্যার অধিকার দেয় না। একজন স্ত্রীও স্বতন্ত্র মানুষ। তার নিজস্ব মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটলে আইনসম্মতভাবে বিচ্ছেদের পথ খোলা রয়েছে, কিন্তু সহিংসতার কোনো বৈধতা নেই। ক্রোধের মুহূর্তে সংঘটিত নিষ্ঠুরতা শুধু একটি জীবন কেড়ে নেয় না, বরং সন্তানদের ভবিষ্যৎও বিপর্যস্ত করে। স্ত্রী স্বামীর সম্পত্তি নন; তিনি একজন স্বতন্ত্র মানুষ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত।

আদালত রায়ে আরও বলেন, আসামি মো. নুরুল আবসার তার সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা না করে নিজের হেফাজতে থাকা স্ত্রীকে ব্যাপক নির্যাতনের মাধ্যমে হত্যা করেছেন। মামলার সাক্ষ্য-প্রমাণ, অপরাধের নৃশংসতা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আদালত মনে করেন, আসামির জন্য মৃত্যুদণ্ডই একমাত্র উপযুক্ত শাস্তি।

মামলার অভিযোগ ও আদালতের নথি থেকে জানা যায়, প্রায় ১৬-১৭ বছর আগে মো. নুরুল আবসারের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই আসামি তার স্ত্রীকে বিনা কারণে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বিভিন্ন সময় তাকে মারধরও করা হতো।

বিজ্ঞাপন

ঘটনার দিন ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর ভুক্তভোগী নারী বাবার বাড়ি থেকে স্বামীর বাসায় ফিরে আসেন। পরদিন ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে তার ভাই সংবাদ পান, আসামি তার বোনকে ব্যাপক মারধর করেছেন। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে গিয়ে স্বজনরা ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন দেখতে পান। এ সময় উপস্থিত স্বজনদের কাছে তিনি জানান, তার স্বামী তাকে ব্যাপক মারধর করে বাসা থেকে চলে গেছেন। পরে দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর তাদের ধারণা হয়, স্বামীর নির্যাতনের কারণেই ওই নারীর মৃত্যু হয়েছে। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলাটি তদন্ত শেষে পুলিশ আসামি মো. নুরুল আবসারের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় ২০২৪ সালের ২২ এপ্রিল মোহাম্মদপুর থামার এসআই মোহাম্মদ নাজমুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালত হয়ে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩-তে আসে।

বিচারিক কার্যক্রমে ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত আসামির বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

রায়ের আদেশে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৩৭৪ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের (কনফার্মেশন) জন্য মামলার নথি আগামী তিন কার্যদিবসের মধ্যে হাইকোর্ট বিভাগে পাঠাতে হবে। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এ দণ্ড কার্যকর হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD