জামায়াতের বেলায় তৎপরতা, সরকারি দলের ক্ষেত্রে নয় কেন: ফুয়াদ

জামায়াতের এমপি গ্রেপ্তারের সময় সরকার ও গণমাধ্যমে যে ধরনের তৎপরতা দেখা গেছে, সরকারি দলের এমপি গ্রেপ্তারের ক্ষেত্রে একই ধরনের আলোচনা নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর-১ নম্বরে বৃহস্পতিবার মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “জামায়াতের এমপিকে গ্রেফতার করার সময় আপনাদের যে পরিমাণ জাজবা দেখলাম, গণমাধ্যমে যে পরিমাণ হিউ অ্যান্ড ক্রাই দেখলাম, এখন সরকারি দলের এমপি গ্রেফতার করার ব্যাপারে সে আলোচনা দেখতে পাচ্ছি না কেন?”
আরও পড়ুন
বিজ্ঞাপন
গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “গাজী নজরুল ইসলামকে তো নগদে ধরে ভেতরে ঢুকিয়ে ফেলেছেন, রাইটলি করছেন, কোনো সমস্যা নেই। যিনি অন্যায় করবেন, তাকেই আইনের আওতায় আনতে হবে। তাহলে সেটা কেন করা হচ্ছে না?”
প্রতিটি ঘটনায় রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা নিয়ে বক্তব্য দেওয়ার প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান ফুয়াদ। তিনি বলেন, আওয়ামী লীগ, জামায়াত কিংবা বিএনপির সম্পৃক্ততার প্রসঙ্গ তুলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
বিজ্ঞাপন
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সব বিরোধী দলই সরকারের সফলতা এবং দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া চায়। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দুর্বৃত্তপনা ও জননিরাপত্তাহীনতা মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, শুধু লোকদেখানো গ্রেপ্তার নয়; অন্যায় বা অপরাধ যে-ই করুক, তাকে আইনের আওতায় আনতে হবে। দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাড্ডা সেন্টারে হামলা, ভাঙচুর ও সরঞ্জাম লুটের অভিযোগের বিষয়ে ফুয়াদ বলেন, “কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট এখান থেকে চুরি করা হয়েছে। পুলিশের গাড়ির সামনে, আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে। এখান থেকে হাসপাতালের ফার্নিচার এবং ইকুইপমেন্টগুলো চুরি করে ট্রাকে উঠানো হচ্ছে।”
ঘটনার সঙ্গে প্রশাসনের কোনো অংশের সম্পৃক্ততা কিংবা নিষ্ক্রিয়তা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখার দাবি জানান তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হাসপাতালকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের মানসিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
হাসপাতালটি পুনর্গঠন এবং ভবিষ্যৎ কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবি পার্টির এই নেতা। একই সঙ্গে বিদেশি দাতা সংস্থাগুলোর উদ্বেগ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।







