ঢাকায় নাগরিক নিরাপত্তায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করল জামায়াত

রাজধানীতে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।
বিজ্ঞাপন
আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে নাগরিক সমাবেশ করবে দলটি। এসব সমাবেশকে কেন্দ্র করে মিছিল, সভা ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি জানান, জামায়াতের কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা মহানগরী উত্তর আরও ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। সব মিলিয়ে ১০০ দিন ধরে এসব কর্মসূচি চলবে।
বিজ্ঞাপন
সেলিম উদ্দিন বলেন, নিরাপদ রাজধানী গড়ার লক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মহানগরীর প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দল-মত, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে এসব সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে। প্রতিটি সমাবেশ ঘিরে একাধিক মিছিল, সভা ও গণসংযোগও থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, জামায়াতের শ্রমিক, পেশাজীবী ও নারী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেবেন। রমজান মাসে ধর্মীয় পরিবেশ ও মর্যাদা বিবেচনায় রেখে ইফতার মাহফিল এবং গণসংযোগের মতো আয়োজন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বিজ্ঞাপন
বিএনপি সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে সেলিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বিষয়ে সরকারের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তাবোধের যেন কোনো ব্যবধান না থাকে। সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের প্রতি পাঁচটি আহ্বান জানান জামায়াতের এই নেতা। দাবিগুলো হলো—
১. প্রতিটি সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা। ২. অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবাইকে আইনের আওতায় আনা। ৩. পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা। ৪. চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। ৫. জনগণের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা।
বিজ্ঞাপন
রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার বিরোধিতা করে সেলিম উদ্দিন বলেন, প্রত্যেকের বৈধ রাজনীতি, মতপ্রকাশ এবং আন্দোলন-সংগ্রাম করার অধিকার রয়েছে। তবে এসব কর্মকাণ্ডের নামে সন্ত্রাস, বোমাবাজি, অস্ত্রের ব্যবহার কিংবা সাধারণ মানুষের ওপর হামলা গ্রহণযোগ্য নয়। কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের দায় থেকে কাউকে মুক্তি দিতে পারে না।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও সরকারের বিরুদ্ধে অনাগ্রহের অভিযোগ তোলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, সরকার জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। ভোটারদের প্রায় ৭০ শতাংশ সনদের পক্ষে মত দেওয়ার পরও রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগে সরকার আগ্রহ দেখাচ্ছে না। বরং সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কর্তৃত্ববাদী আচরণের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান সংকট কাটিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো কার্যকর করার পাশাপাশি প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।
সরকারের প্রতি গঠনমূলক সহযোগিতার মনোভাবের কথা জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা, ন্যায়বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ধামাচাপা বা গড়িমসি মেনে নেওয়া হবে না।
নগরবাসীর প্রতি শান্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। উসকানি ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে নাগরিকদের জন্য একটি ডিজিটাল অ্যাপ তৈরির উদ্যোগের কথাও জানান সেলিম উদ্দিন। তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই কয়েক ডজন সেবা পাওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরবর্তী সময়ে আরেকটি সংবাদ সম্মেলন করা হবে। পাশাপাশি নগরবাসীর সচেতনতা বাড়াতে আরও কিছু প্রচারাভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ অন্য নেতারা।








