Logo

বিজয়নগরে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ১৫:১৯
বিজয়নগরে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। এ ঘটনাকে রাজনৈতিক অসহিষ্ণুতা এবং গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন দলের নেতারা। তাদের দাবি, আগুন-সন্ত্রাসের মতো কর্মকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ভোর ৪টার দিকে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় করে সেখানে আসে। পরে চলন্ত অবস্থায় অটোরিকশা থামিয়ে মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা।

দলটির ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণের উদ্যোগ নেন। তবে এর আগেই গাড়িটির একাংশ পুড়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এ ধরনের অগ্নিসংযোগের চেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভয়ভীতি প্রদর্শন এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে দমিয়ে রাখা সম্ভব হবে না।

তারা আরও অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ডের ফলে ফ্যাসিবাদী শক্তি আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।

দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির নেতারা।

বিজ্ঞাপন

একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD