Logo

দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ২১:৪৩
দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি
ছবি: সংগৃহীত

পাঁচ দফা দাবি আদায়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে এসব কর্মসূচি পালন করবে দলটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পিসি) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

এনসিপির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।

আখতার হোসেন বলেন, এসব দাবিতে নির্ধারিত সময়ের মধ্যে দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে সত্তাগতভাবে সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন আখ্যা দিয়ে আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে আওয়ামী লীগের বিচার দাবি করে আসছে। তবে বর্তমানে কেবল কয়েকজন ব্যক্তির বিচার হচ্ছে, যা অত্যন্ত ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেন তিনি।

রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন। তবে সেই ঐক্য কোন ভিত্তিতে হবে, তা স্পষ্ট করা প্রয়োজন। আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করে এনসিপি।

আখতার হোসেন আরও অভিযোগ করেন, গোপালগঞ্জে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। দেশি অস্ত্র নিয়ে আওয়ামী লীগের লোকজন মানুষের ওপর হামলা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাস চালানোর অভিযোগও করেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আখতার হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ এমপি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত এবং আকরাম হোসাইন সিএফ।

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুম এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD