রাড্ডার ঘটনাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ফুয়াদ

রাজধানীর মিরপুর-১ নম্বরে গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ঘটনাটিকে তিনি গাজায় ইসরায়েলি হামলা এবং ভারতে মসজিদ-মাদরাসা ভাঙার ঘটনাপ্রবাহের সঙ্গে তুলনা করেছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) হাসপাতালটি পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফুয়াদ।
হাসপাতাল থেকে যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট এখান থেকে চুরি করা হয়েছে। পুলিশের গাড়ির সামনে, আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে। এটার সামনে পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল, যখন এখান থেকে হাসপাতালের ফার্নিচার এবং ইকুইপমেন্টগুলো চুরি করে ট্রাকে ওঠানো হচ্ছে।”
ঘটনার সঙ্গে শুধু রাজনৈতিক দুর্বৃত্তপনা নয়, প্রশাসনেরও সম্পৃক্ততার ইঙ্গিত রয়েছে বলে দাবি করেন এবি পার্টির এই নেতা। তিনি বলেন, কারা ঘটনার জন্য দায়ী, তা খুঁজে বের করা প্রয়োজন। তার দাবি, এলাকায় একাধিক সরকারি দলের এমপির মধ্যে গ্রুপিং রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
হাসপাতালটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে ফুয়াদ বলেন, সেবামূলক একটি প্রতিষ্ঠান ধ্বংসের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন।
বিজ্ঞাপন
তিনি বলেন, “ইসরায়েলিরা গাজায় যে ইনভেশন (হামলা) করে, অথবা বিজেপি-আরএসএস এর সরকার গত ১০-১২ বছরে যেভাবে শত শত মসজিদ, মাদরাসা, এতিমখানা ভারতে বুলডোজ করে দিয়েছে, তার একটা নমুনা আসলে দেখলাম।”
রাড্ডা এমসিএইচ-এফপি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মানুষের জন্য নয় উল্লেখ করে ফুয়াদ বলেন, প্রতিষ্ঠানটি কমিউনিটির বিভিন্ন শ্রেণির মানুষ ব্যবহার করতেন। তাই এমন একটি সেবামূলক প্রতিষ্ঠান ধ্বংসের ঘটনাকে তিনি আরও গুরুতর বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “এর আগে আমরা রাজনৈতিক দুর্বৃত্তপনায় চাঁদাবাজি, খুন-খারাপি, সন্ত্রাস এগুলো দেখেছি। কিন্তু রাতের আঁধারে এরকম একটা সেবামূলক প্রতিষ্ঠান, সিম্পলি ধরেন আওয়ামী লীগের লোকের প্রতিষ্ঠান না, অথবা অন্য কোনো লোকের প্রতিষ্ঠান না। এটা কমিউনিটির সবাই ব্যবহার করে, সব দলের লোকরা ব্যবহার করে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
হাসপাতালের ক্ষতিগ্রস্ত কর্মীদের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানিয়ে ফুয়াদ বলেন, সেখানকার স্টাফরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের ভয় ও মানসিক আঘাত কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
রাড্ডা এমসিএইচ-এফপির জন্য সরকারি খাস জমি স্থায়ীভাবে বরাদ্দ দেওয়ারও দাবি জানান এবি পার্টির সাধারণ সম্পাদক। তিনি বলেন, “এই খাস জমিটা রাড্ডাকে পারমানেন্টলি দিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। এই ১০ কাঠা জমি এই হাসপাতালকে একটা ট্রাস্ট করে আপনারা দিয়ে দেবেন।”
ওই জমিতে বড় পরিসরে বহুতল কমিউনিটি হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।
একই সঙ্গে ঘটনার তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান ফুয়াদ। রাজনৈতিক দুর্বৃত্তপনা ও জননিরাপত্তাহীনতা নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিরাপত্তাহীনতার বোধ কিন্তু জনমনে খুব মারাত্মক আকার ধারণ করেছে। আপনাদের তরফ থেকে আমরা শক্ত বক্তব্য দেখতে চাই।”







