Logo

জামিন পেলেন না হত্যা মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৫:২১
জামিন পেলেন না হত্যা মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন নুরুল ইসলাম নাহিদের পক্ষে অ্যাডভোকেট সাথী শাহা জামিনের আবেদন জানিয়ে আদালতে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

এর আগে গত ১৯ নভেম্বর নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ওইদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার আওতাধীন একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক এই শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

মামলার অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম।

অভিযোগে বলা হয়, ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালান। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করেন। এ সময় এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলাতেই গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD