Logo

একজন গুলি চালাতেন, অন্যজন পেট কেটে বের করতেন নাড়িভুঁড়ি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ১৪:০৫
একজন গুলি চালাতেন, অন্যজন পেট কেটে বের করতেন নাড়িভুঁড়ি
ছবি: সংগৃহীত

নদীতে হত্যার আলামত মুছে ফেলতে মরদেহের সঙ্গে বেঁধে দেওয়া হতো সিমেন্টভর্তি বস্তা। গুলি করার পর পেট কেটে মরদেহ পানিতে ফেলে দেওয়ার অভিযোগও উঠে এসেছে। একজন গুলি চালাতেন, অন্যজন পেট কাটতেন। এভাবে একের পর এক হত্যাকাণ্ডের বিবরণ উঠে এসেছে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও খুনের অভিযোগে দায়ের করা এ মামলায় মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষের হয়ে বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যুক্তিতর্কের শুরুতে মামলার ঘটনাপ্রবাহ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এরপর আসামি জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য এবং মামলার ১৩তম সাক্ষী অবসরপ্রাপ্ত মেজর সাব্বির রহমান ওসমানীর জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে পড়ে শোনান তিনি।

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে আমিনুল ইসলাম জানান, গুলি করার সময় রক্ত যাতে নিজের শরীরে না লাগে, সে জন্য বালিশ ব্যবহার করতেন বলে সাক্ষ্যে উল্লেখ রয়েছে। নৌকায় নিয়ে গুলি করার পর মরদেহের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়ার অভিযোগও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এসব ঘটনায় একজন গুলি চালাতেন, অন্যজন পেট কাটতেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় চিফ প্রসিকিউটর বলেন, “মাই লর্ড এসব বর্ণনা দিতে গেলে আমার গা শিউরে ওঠে। কতটা নৃশংসতা ছিল এসব। এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র। জিয়াউল আহসান কতটা হিংস্র ছিলেন, এসব বর্ণনা থেকে তা ধারণা করা যাবে।”

মামলার ১৩তম সাক্ষী অবসরপ্রাপ্ত মেজর সাব্বির রহমান ওসমানী গত ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। র‍্যাবে দায়িত্ব পালনকালে ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় সংঘটিত কয়েকটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন তিনি। এসব ঘটনায় তৎকালীন র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনা ও নেতৃত্বের অভিযোগও করেন এই সাবেক সেনা কর্মকর্তা।

বিজ্ঞাপন

জবানবন্দিতে সাব্বির রহমান জানান, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে যান জিয়াউল আহসান। পরে তাকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে পৌঁছান। সেখানে র‍্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা আগে থেকেই একটি ট্রলার প্রস্তুত রেখেছিলেন।

ঢাকা থেকে আসা গোয়েন্দা শাখার সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। তাদের সঙ্গে হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরানো এক ব্যক্তিকেও ট্রলারের ভেতরের অংশে রাখা হয়।

সাক্ষীর বর্ণনা অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে যাত্রা করে। প্রায় তিন ঘণ্টা চলার পর হাত বাঁধা ব্যক্তিকে ট্রলারের ভেতর থেকে বের করে আনতে বলা হয়। পরে র‍্যাবের চার সদস্য তার গলা ও পায়ের কাছে সিমেন্টভর্তি দুটি বস্তা বেঁধে দেন। মাথা ও কান বরাবর ছোট একটি বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে গুলি করা হয়। এরপর তার পেট কাটার ঘটনা ঘটে বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাব্বির।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, একজন র‍্যাব সদস্য নিজের হাত দিয়ে মরদেহের পেট কাটার বিষয়টি পরীক্ষা করতেন। পরে নদীর জোয়ার-ভাটার পরিস্থিতি ও পানির গভীরতা বিবেচনা করে ট্রলারের গতি কমানোর নির্দেশ দেওয়া হতো। এরপর গোয়েন্দা শাখার চার সদস্যকে সিমেন্টের বস্তাসহ মরদেহ পানিতে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হতো বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।

ঘটনার পর চরদুয়ানী থেকে জিপ ও মাইক্রোবাসে বরিশালের উদ্দেশে রওনা হন তারা। পথে পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রসঙ্গে জিয়াউল আহসান বলেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাব্বির, “এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এদের না থাকাই ভালো। এভাবেই এদেরকে গলফ করতে হবে।”

২০১০ সালের মে মাসের দিকে একই ধরনের আরেকটি ঘটনার বিবরণও আদালতে তুলে ধরেন সাব্বির রহমান। ওই ঘটনায় চারজনকে হত্যার অভিযোগের কথা জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার দুই থেকে তিন মাস পর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন, পেট কাটা অবস্থায় পাওয়া মরদেহটির ডিএনএ পরীক্ষা করে সেটিকে সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলামের বলে শনাক্ত করা হয়েছিল।

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছের প্রসঙ্গও উঠে আসে সাক্ষ্যে। সাব্বির জানান, ২০১১ সালের জুনে তাকে ফোন করে জিয়াউল আহসান বলেন, আলকাছ মাঝি কথিত ‘গলফ অপারেশন’ সম্পর্কে বিভিন্ন তথ্য চরদুয়ানী বাজারে প্রকাশ করছেন। এতে র‍্যাবের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান তিনি। এরপর আলকাছ মাঝিকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দেওয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাব্বির।

পাথরঘাটার পাশাপাশি সুন্দরবন এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালনার অভিযোগ করেন এই সাবেক সেনা কর্মকর্তা। তার বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় সুন্দরবনকেন্দ্রিক তিনটি কথিত ‘এনকাউন্টার’ অভিযানের ঘটনা তিনি প্রত্যক্ষ করেন।

সাব্বির রহমান আরও জানান, এসব ঘটনার পর মানসিক যন্ত্রণার কোনো প্রতিকার না পেয়ে তিনি স্বেচ্ছায় অবসরের আবেদন করেন। চাকরির ১৮ বছর পূর্ণ হওয়ার পর র‍্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে যান বলেও আদালতে জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে প্রথম দিনের যুক্তিতর্ক চলাকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ানসহ রাষ্ট্রপক্ষের অন্য আইনজীবীরা। ভুক্তভোগী পরিবারের সদস্যরাও আদালতে উপস্থিত ছিলেন।

নিরাপত্তাজনিত কারণে এদিন সশরীরে আদালতে হাজির না হয়ে ভার্চুয়ালি যুক্ত হন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তার পক্ষে আদালতে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

তবে আদালতে উপস্থাপিত এসব অভিযোগ ও সাক্ষ্য এখনো বিচারিক প্রক্রিয়ার অংশ। মামলার চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনালের রায়ের ওপর নির্ভর করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD