সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে এ কার্যক্রম প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, আগামী ২৪ নভেম্বর থেকে এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি পাওয়া সাপেক্ষে বিটিভি এবং প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে যুক্তিতর্কের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
মামলাটিতে একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তাজনিত কারণে তিনি সশরীরে ট্রাইব্যুনালে হাজির না হয়ে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
গত ২২ নভেম্বর তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত বিভিন্ন নথিপত্র ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেরা করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাফাই সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। ওই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যার অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করেছে প্রসিকিউশন।
তৃতীয় অভিযোগেও একই সময়ে ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, বরগুনার বলেশ্বর নদী এবং বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় কথিত বনদস্যু দমনের নামে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।
এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই দিন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন।
বিজ্ঞাপন
পরে গত বছরের ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটিতে এখন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধাপ শুরু হতে যাচ্ছে।








