শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়

বাংলাদেশে ফিরতে এয়ারক্রাফট চাওয়ার বিষয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখপাত্রের বক্তব্যকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর মতে, একজন পলাতক আসামির হয়ে অন্য কারও এয়ারক্রাফট চাওয়ার দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, “এটি হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়ার যে দাবি তার (শেখ হাসিনা) মুখপাত্র করেছেন, তা উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। কারণ একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।”
ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন—এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের ভূখণ্ডের বাইরে তারা এসব কার্যক্রম চালাচ্ছেন। অন্য কোনো দেশে কোনো আসামির তৎপরতা থাকলে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জানাতে হবে।
বিজ্ঞাপন
এ সময় আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতাকর্মীরা যে খুনি, তা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকারান্তরে বিশ্ববাসীর কাছে প্রমাণিত হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তাদের ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আমিনুল ইসলাম জানান, দলটির বিরুদ্ধে ট্রাইব্যুনালে একটি অভিযোগ রয়েছে। সেটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।








