হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানির জন্য বেলা আড়াইটার দিকে সাঈদ খোকনকে আদালতের এজলাসে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনের পক্ষে প্রয়োজনীয় যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষও রিমান্ড মঞ্জুরের পক্ষে বক্তব্য দেয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নিয়েছিল কিশোর আবদুল মোতালিব। এ সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়।
বিজ্ঞাপন
মামলার এজাহারে সাঈদ খোকনকে ২৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাকে নতুন করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।








