Logo

শিশু সাজিদ উদ্ধারে অংশগ্রহণকারীদের সম্মাননা দিলো ফায়ার সার্ভিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৬, ২০:৩০
শিশু সাজিদ উদ্ধারে অংশগ্রহণকারীদের সম্মাননা দিলো ফায়ার সার্ভিস
ছবি প্রতিনিধি।

সম্প্রতি রাজশাহীর তানোরে ৮ ইঞ্চি সরু গর্তের গভীরে পড়ে যাওয়া শিশু সাজিদ উদ্ধারে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সম্মাননাপ্রাপ্তরা হলেন মোঃ মঞ্জিল হক, উপ-পরিচালক, রাজশাহী বিভাগ, রাজশাহী; মোঃ দিদারুল আলম, সহকারী পরিচালক, রাজশাহী; মোঃ এনায়েত উল হক, সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, রাজশাহী; মোঃ তোজাম্মেল হোসেন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর, রাজশাহী; মোঃ আব্দুর রউফ, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, তানোর; মোঃ মেহেদী হাসান, ফায়ারফাইটার, পত্নীতলা ফায়ার স্টেশন, নওগাঁ; মোহাম্মদ নুরুল ইসলাম, ফায়ারফাইটার, লালপুর ফায়ার স্টেশন, নাটোর এবং মোঃ তৌহিদুর রহমান, ফায়ারফাইটার, তানোর ফায়ার স্টেশন, রাজশাহী। সম্মাননা হিসেবে তাদের সকলকে সনদপত্র, আর্থিক সম্মানী এবং ‘মহাপরিচালকের প্রশংসা (অপারেশন)’ শিরোনামের ইনসিগনিয়া প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, "ভালো কাজের স্বীকৃতি প্রদানের এ ধারা অব্যাহত থাকবে"। তিনি এই উদ্ধার অভিযানে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল সংস্থা ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্মাননাপ্রাপ্তদের মধ্য থেকে উপপরিচালক মোঃ মঞ্জিল হক এবং সহকারী পরিচালক মোঃ দিদারুল আলম প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিজ্ঞাপন

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ ওহিদুল ইসলাম; ঢাকা বিভাগ, ঢাকার উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন; অধিদপ্তর ও ঢাকার সহকারী পরিচালকগণ এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ সরাসরি উপস্থিত ছিলেন এবং সকল বিভাগ থেকে বিভাগীয় উপপরিচালকগণ ও ট্রেনিং কমপ্লেক্স-এর অধ্যক্ষ অনলাইনে সংযুক্ত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD