প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে ঢাকা-নারিতা রুটে বাড়ছে ফ্লাইট

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে সামনে রেখে ঢাকা-নারিতা রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ অক্টোবর থেকে সপ্তাহে একটি ফ্লাইটের পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞাপন
বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আশরাফুল আলম জানান, নতুন সূচি অনুযায়ী প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট চলাচল করবে। এতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।
তিনি বলেন, ‘ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা সপ্তাহে একটি থেকে বাড়িয়ে দুটি করা হচ্ছে। অতিরিক্ত ফ্লাইটটি আগামী ২৯ অক্টোবর থেকে চালু হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর থেকে চার দিনের সরকারি সফরে জাপান যাবেন। তিনি বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশটিতে যাত্রা করবেন। সফর শেষে ২৯ অক্টোবর নারিতা থেকে বিমানের নতুন বৃহস্পতিবারের ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে।
বিজ্ঞাপন
চলতি বছরের ২৭ জুলাই ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর প্রায় তিন মাসের মধ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল বিমান। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ওই উদ্যোগের মাধ্যমে জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিরতিহীন আকাশ যোগাযোগ আবার চালু হয়।
প্রাথমিকভাবে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান। যাত্রী চাহিদা, বাণিজ্যিক কার্যক্রমের ফলাফল এবং উড়োজাহাজের প্রাপ্যতা বিবেচনায় নিয়ে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল সংস্থাটির।
বিমান কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইট চালুর পর যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিশেষ করে জাপানে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এ সেবা ব্যবহারে আগ্রহ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বর্তমানে দেশটিতে ৪০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী রয়েছেন। তাঁদের যাতায়াতের চাহিদার পাশাপাশি দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনও বাড়ছে।
বিজ্ঞাপন
দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণেও ঢাকা-নারিতা রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে নারিতাকে ট্রানজিট কেন্দ্র হিসেবে কাজে লাগিয়ে বাংলাদেশি যাত্রীদের উত্তর আমেরিকা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াত সহজ করার উদ্যোগ বিবেচনা করছে বিমান। এ লক্ষ্যে জাপান এয়ারলাইন্স (জেএএল) ও এয়ার কানাডার সঙ্গে সম্ভাব্য কোডশেয়ার ব্যবস্থার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রস্তাবিত অংশীদারত্ব চূড়ান্ত হলে সমন্বিত টিকিটিং ও ব্যাগেজ ব্যবস্থার মাধ্যমে নারিতা হয়ে ভ্যাঙ্কুভার, লস অ্যাঞ্জেলেস ও সিউলের মতো গন্তব্যে সংযোগ ফ্লাইটে যাতায়াতের সুযোগ তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
ঢাকা-নারিতা রুটে প্রথম সরাসরি ফ্লাইট চালু হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, দীর্ঘ ১৭ বছরের বিরতির পর। তবে উড়োজাহাজের সংকট, পরিচালন ব্যয় ও বাণিজ্যিক বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে বর্তমান বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ও বিমান চলাচল সহযোগিতা জোরদারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করে বিমান।
সপ্তাহে দ্বিতীয় ফ্লাইট যুক্ত হওয়ায় যাত্রীরা ভ্রমণের ক্ষেত্রে আরও বেশি বিকল্প পাবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে রুটটির বাণিজ্যিক কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বাড়ানোর সম্ভাবনাও তৈরি হবে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তারেক রহমান ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন। সফরে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, বিমান চলাচল ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পেতে পারে।
বিজ্ঞাপন
তথ্য সূত্র : বাসস








