নির্বাচন ঘিরে ১২ দিন সারাদেশে দায়িত্বে থাকবে যৌথ বাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও সাত দিন—মোট ১২ দিন মাঠে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে যৌথ বাহিনীর সদস্যরা।
বিজ্ঞাপন
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভায় স্বরাষ্ট্র সচিব জানান, আগামী পাঁচ দিনের মধ্যেই স্থানীয় পর্যায়ে নিরাপত্তা বাহিনীর কাছে বডি ক্যামেরা পৌঁছে দেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ড্রোন ব্যবহারের ব্যবস্থাও রাখবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বুধবার থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক টিম মাঠপর্যায়ের নির্বাচনসংক্রান্ত সব তথ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নথিভুক্ত করবে। এসব টিম ২৪ ঘণ্টা মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে।
নাসিমুল গনি জানান, বডি ক্যামেরার মাধ্যমে ঘটনাস্থলের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন সম্ভব হবে এবং পুরো পরিস্থিতি রেকর্ডে রাখা যাবে। সভায় বডি ক্যামেরা ব্যবহারের পদ্ধতি ও কার্যকারিতা তুলে ধরে একটি ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়।
বিজ্ঞাপন
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব উদ্যোগের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করা এবং স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য।








