২৯৭ আসনে বিএনপি জোটের দাপট, গণভোটে ‘হ্যাঁ’ ৬০.২৬ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) আগারগাঁওয়ে কমিশন সচিবালয় থেকে এই ফলাফল জানানো হয়।
বিজ্ঞাপন
কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। এ দুটি আসনের ভোটসংক্রান্ত বিষয়ে প্রক্রিয়াগত কারণে ফল প্রকাশ স্থগিত রাখা হয়েছে, যা পরবর্তীতে ঘোষণা করা হবে। এর আগে আরেকটি আসনের ফলাফলও স্থগিত করা হয়েছিল।
ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্ররা পেয়েছে মোট ২১২টি আসন। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য অর্জন করেছে ৭৭টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।
বিজ্ঞাপন
একক দল হিসেবে বিএনপি সংসদে সর্বোচ্চ ২০৯টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি জিতেছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি, খেলাফত মজলিস ১টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ—প্রতিটি দল একটি করে আসন অর্জন করেছে।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) দেশের সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দীর্ঘ প্রায় দেড় দশক পর জাতীয় নির্বাচনে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে কমিশন ও পর্যবেক্ষক সংস্থাগুলো।
বিজ্ঞাপন
একই দিনে অনুষ্ঠিত গণভোটে মোট ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। কমিশনের হিসাব অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।








