Logo

বইপ্রেমীদের জন্য দুঃসংবাদ, আবারও পিছিয়ে গেল একুশে বইমেলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:০৫
বইপ্রেমীদের জন্য দুঃসংবাদ, আবারও পিছিয়ে গেল একুশে বইমেলা
ফাইল ছবি

অমর একুশে বইমেলার সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হবে এবারের বইমেলা, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে জাতীয় সংসদ নির্বাচনের কারণে নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু করা সম্ভব হয়নি। পরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ২০ ফেব্রুয়ারি উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনই মেলার তারিখ পুনর্নির্ধারণ করা হয়।

সভা শেষে সংস্কৃতিমন্ত্রী জানান, এবারের মেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রকাশকরা। মন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবারের বইমেলাকে সফল করতে হবে এবং সকলকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

নতুন সূচি অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ প্রদান করা হবে।

সভা সূত্রে জানা গেছে, আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার মধ্যে আবেদন জমা দিতে পারবে। একই দিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

এর আগে ৫ ফেব্রুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি জানিয়েছিল, ভাষা শহীদদের স্মরণে মাসব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক আয়োজন দীর্ঘদিন ধরেই বাংলা একাডেমির ঐতিহ্যের অংশ। প্রতিবছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হলেও চলতি বছরে অনিবার্য পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তখন ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর পরিকল্পনার কথা জানানো হয়।

অমর একুশে বইমেলা কেবল বই কেনাবেচার আয়োজন নয়, এটি ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করা একটি জাতীয় সাংস্কৃতিক উৎসব। সময় পরিবর্তনের মধ্যেও সেই ঐতিহ্য অটুট রেখে আয়োজন সম্পন্ন করতে প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD