Logo

রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির বিশেষ এস্কর্ট সেবা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৮
রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির বিশেষ এস্কর্ট সেবা
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এই সময়ে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘এস্কর্ট’ সেবা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রমজান মাস ও ঈদ ঘিরে নগদ অর্থ, ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি পাওয়ার কারণে রাজধানীতে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। এ জন্য কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি বড় অঙ্কের নগদ অর্থ বা মূল্যবান দ্রব্য স্থানান্তরের সময় পুলিশের সহায়তা প্রয়োজন মনে করে, তারা ডিএমপির এস্কর্ট সেবা নিতে পারবেন।

বিজ্ঞাপন

ডিএমপির এই বিশেষ সেবা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহন ব্যবস্থা করতে হবে। এছাড়া, সেবা পাওয়ার আগেই সংশ্লিষ্ট থানা বা ডিএমপির কন্ট্রোল রুমে যোগাযোগ করে আগাম তথ্য দিতে হবে, যাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায়।

যোগাযোগের জন্য ডিএমপির প্রদত্ত নম্বরগুলো হলো: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬। এছাড়া জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করারও আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপি কর্তৃপক্ষ নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরবাসীকে সময়মতো পুলিশের এই বিশেষ সহায়তা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD