Logo

রোজার প্রথম দিনেই জমে উঠল চকবাজার, ইফতার কিনতে উপচে পড়া ভিড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩০
রোজার প্রথম দিনেই জমে উঠল চকবাজার, ইফতার কিনতে উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

পবিত্র রমজানের প্রথম দিনেই প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার। শত বছরের ঐতিহ্য বহন করা এই ইফতার বাজারে দুপুর গড়াতেই শুরু হয়েছে ক্রেতাদের ঢল। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রোজাদাররা ছুটে এসেছেন বাহারি স্বাদের ইফতার সামগ্রী কিনতে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, জোহরের নামাজের পরপরই চকবাজারের সার্কুলার রোডজুড়ে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। হাঁকডাক আর ক্রেতাদের কোলাহলে মুখর পুরো এলাকা। বিকেলের দিকে ইফতারের সময় যত ঘনিয়েছে, ততই বেড়েছে ভিড়।

সাধারণত পাড়া-মহল্লার ইফতার বাজারে ছোলা, আলুর চপ, বেগুনি কিংবা পেঁয়াজুই বেশি দেখা যায়। তবে চকবাজারের বৈচিত্র্য আলাদা মাত্রা যোগ করেছে রমজানের আমেজে। প্রায় ৪০০ বছরের পুরোনো এই বাজারে একসঙ্গে পাওয়া যায় প্রায় শতাধিক ধরনের ইফতারি। এখানকার বিশেষ আকর্ষণ ‘বড় বাপের পোলায় খায়’—যার নাম শুনলেই ভিড় জমে সামনে।

বিজ্ঞাপন

খাসির পা, তান্দুরি চিকেন, চিকেন আচারি, দই বড়া, শাহী রুটি, শাহী পরোটা, শর্মা, চিকেন সাসলিক, চিকেন স্টেক, ডিম চপ, সমুচা, সুতি কাবাব, কোয়েল পাখি, শাহী জিলাপিসহ নানা পদে সাজানো থাকে দোকানগুলো। দামের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য—কিছু আইটেম ১০-২০ টাকায় মিললেও বিশেষ খাবারের দাম কয়েকশ থেকে হাজার টাকাও ছাড়িয়ে যায়।

সবচেয়ে আলোচিত ‘বড় বাপের পোলায় খায়’ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ টাকায়। মাংস, কাবাব, ডিম, ঘি, বুটের ডাল, কিমা ও বিশেষ মসলার সমন্বয়ে তৈরি এই পদটি রোজাদারদের তালিকায় শীর্ষে থাকে। দোকানের সামনে শোনা যায় ছন্দময় ডাক—“বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায়”—যা যেন চকবাজারের নিজস্ব ঐতিহ্য।

এক বিক্রেতা জানান, ঢাকার নানা প্রান্ত থেকে মানুষ এই খাবারের জন্য আসেন। ১২ ধরনের উপকরণ ও বিশেষ মসলায় প্রস্তুত করা হয় এটি। গত বছরের মতো এবারও একই দামে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

আরেক ব্যবসায়ী বলেন, প্রথম দিন থেকেই বাজারে ব্যাপক সাড়া মিলেছে। পুরো রমজানজুড়েই এমন ক্রেতাসমাগম থাকবে বলে আশা করছেন তারা।

চকবাজারের অধিকাংশ ইফতার ব্যবসায়ী বংশ পরম্পরায় এই ব্যবসার সঙ্গে জড়িত। পাশাপাশি মৌসুমি অনেক বিক্রেতাও শুধু রমজান মাসকে কেন্দ্র করে এখানে দোকান বসান।

বিজ্ঞাপন

মগবাজার থেকে আসা এক ক্রেতা জানান, প্রতি বছর রোজার শুরুতে চকবাজার থেকে ইফতার কেনার চেষ্টা করেন। খিলগাঁওয়ের আরেক ক্রেতা বলেন, এখানে এমন অনেক মুখরোচক পদ পাওয়া যায়, যা অন্যত্র সচরাচর মেলে না। তবে অনেক ইফতার খোলা অবস্থায় বিক্রি করা হয়—এ বিষয়ে বিক্রেতাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন বলেও মত দেন তিনি।

ঐতিহ্য, স্বাদ আর বৈচিত্র্যের সমন্বয়ে চকবাজারের ইফতার বাজার তাই রমজানের প্রথম দিনেই হয়ে উঠেছে রোজাদারদের অন্যতম আকর্ষণকেন্দ্র।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD