Logo

মে থেকে শুরু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২১
মে থেকে শুরু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী মে মাস থেকে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভায় জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী বলেন, সরকারের ইশতেহার অনুযায়ী প্রতি বছর পাঁচ কোটি করে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কোথা থেকে চারা সংগ্রহ করা হবে সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের পাশাপাশি বেসরকারি খাতের নার্সারিগুলো থেকেও চারা সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন

চারা রোপণের সময়সীমা সম্পর্কে তিনি জানান, মে মাস থেকেই কার্যক্রম শুরু হবে, কারণ জুলাইয়ের পর সাধারণত গাছ লাগানো উপযুক্ত থাকে না। এ বছর আগে থেকে পাঁচ কোটি চারা প্রস্তুত না থাকলেও বিভিন্ন বিভাগ ও বেসরকারি নার্সারিতে যে পরিমাণ চারা পাওয়া যাবে, তা সমন্বয় করে রোপণ করা হবে।

গাছ লাগানোর সম্ভাব্য স্থান সম্পর্কে মন্ত্রী বলেন, নদীর চরাঞ্চল, নদীর তীর ও বাঁধ, সড়কের পাশ, পাহাড়ি এলাকা, ম্যানগ্রোভ অঞ্চলসহ লবণাক্ত পানিপ্রবণ এলাকাতেও বৃক্ষরোপণ করা হবে। মোট সাত থেকে আটটি ভিন্ন পদ্ধতি ও মানদণ্ড বিবেচনায় রেখে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, লক্ষ্য অনুযায়ী প্রতি বছর পাঁচ কোটি গাছ রোপণ করা হবে। চলতি বছরে লক্ষ্য পূরণ না হলে পরবর্তী বছরে তা সমন্বয় করে নির্ধারিত সংখ্যার বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD