Logo

জনআস্থা ফেরাতে দ্রুত ইশতেহার বাস্তবায়ন করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১০
জনআস্থা ফেরাতে দ্রুত ইশতেহার বাস্তবায়ন করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে চাই। দীর্ঘ সময় পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হওয়ায় মানুষের প্রত্যাশাও অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে বাহিনীগুলোর সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে এবং এজন্য প্রথমেই সংস্কারের অগ্রাধিকার ঠিক করা প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিক মানোন্নয়নের মাধ্যমে জনআস্থা পুনরুদ্ধার করা সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের কথাও উল্লেখ করেন তিনি। তবে এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানান মন্ত্রী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আধুনিক ও যুগোপযোগী আইন-শৃঙ্খলা ব্যবস্থা গড়ে তুলতে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের কাছ থেকে সুপারিশ ও পরামর্শ চেয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ধাপে ধাপে অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন সংস্থার প্রধান ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD