Logo

বাসসের ঘটনা দুঃখজনক, সমাধান হবে বিধি মেনেই: তথ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৫০
বাসসের ঘটনা দুঃখজনক, সমাধান হবে বিধি মেনেই: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–এ সাম্প্রতিক ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, বহাল বা বাতিল—সবকিছুই নির্ধারিত আইন ও বিধিমালার আওতায় পরিচালিত হয়। তাই যে কোনো সিদ্ধান্ত বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ প্রকাশের পর বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে অফিস ত্যাগ করতে হয়।

এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাসসে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা আলোচনার মাধ্যমে আইনসম্মত উপায়ে সমাধানের চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

সাংবাদিকরা এ সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কয়েকজন রিপোর্টারকে চাকরিচ্যুতির বিষয়টিও উত্থাপন করেন। জবাবে তথ্যমন্ত্রী জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে প্রকৃত অবস্থা জানার উদ্যোগ নেবেন।

তিনি বলেন, সংক্ষুব্ধ সাংবাদিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খুঁজে বের করার চেষ্টা করা হবে।

মন্ত্রী আরও বলেন, কোনো পরিস্থিতিতে ‘মব’ তৈরি করে সমাধান চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। সরকার প্রতিহিংসামুক্ত একটি বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে এবং সাংবিধানিক কাঠামোর মধ্যেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়েও সরকার সংবিধানসম্মত পথ অনুসরণ করেছে। একইভাবে রাষ্ট্রীয় বা বেসরকারি—যে কোনো প্রতিষ্ঠানের সমস্যা সমাধানেও বিধি-বিধানকে প্রাধান্য দেওয়া হবে। আইনের বাইরে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া বজায় রাখার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, আলোচনাই হতে পারে সংকট নিরসনের সর্বোত্তম উপায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD