জনগণের ট্যাক্সে চলি, জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব

দেশের বিদ্যমান অর্থনৈতিক ও প্রশাসনিক বাস্তবতার মধ্যেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর উপস্থাপনা করেন সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
মন্ত্রী বলেন, একটি ক্ষতিগ্রস্ত অর্থনীতি ও দুর্বল রাষ্ট্রব্যবস্থার প্রেক্ষাপটে সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, সফল রাষ্ট্র গঠনের জন্য ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—এই তিন স্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিভেদ ও ভিন্নমত দূরে রেখে দলগতভাবে কাজ করলে উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা সম্ভব।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু প্রশাসনিক কাঠামো সংস্কার করলেই হবে না, জনগণের আস্থা পুনর্গঠন করতে হবে। কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানই উন্নয়নমুখী রাষ্ট্রের ভিত্তি। তাই চলমান পুনর্গঠন প্রক্রিয়াকে টেকসই ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
গ্রামীণ বাস্তবতা তুলে ধরে মন্ত্রী বলেন, গ্রামের মানুষের কষ্ট কেবল আবেগ নয়, এটি একটি সামাজিক বাস্তবতা। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ধাপে ধাপে তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করাই সরকারের অগ্রাধিকার বলেও তিনি জানান।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত। উন্নয়ন ও গণতন্ত্রের ধারাকে সমুন্নত রেখে জনগণের কাছে পৌঁছাতে হবে। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি জনগণের সঙ্গে করা এক ধরনের সামাজিক অঙ্গীকার। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করলে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী পরিবেশ গড়ে তোলা সম্ভব।
সভায় বক্তারা মত দেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করলেই টেকসই ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সক্রিয় ও আন্তরিক ভূমিকা এ পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হতে পারে বলেও উল্লেখ করা হয়।








