Logo

ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে বেইলি রোডের ইফতার বাজার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৭
ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে বেইলি রোডের ইফতার বাজার
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস আসার সঙ্গে সঙ্গে রাজধানীর বেইলি রোড এলাকায় ইফতারির বাজার ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে। বিভিন্ন ধরনের বাহারি ইফতার আইটেম নিয়ে দোকানিরা সাজিয়েছেন পসরা। ভোজনরসিক ক্রেতাদের আগ্রহ থাকলেও এখন পর্যন্ত বিক্রি তুলনামূলকভাবে কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সাধারণত রমজানের ৫ থেকে ৭ দিন পার হলে ক্রেতাদের চাপ বাড়ে বলে তারা আশা করছেন।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে সরেজমিনে এলাকার একাধিক ইফতার দোকান ঘুরে দেখা গেছে, ক্রেতা উপস্থিতি সীমিত থাকলেও দোকানগুলোতে নানান নতুন রেসিপি প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন স্বাদের ইফতার আইটেম তৈরি করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।

স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, গত বছরের তুলনায় এবার অনেক পণ্যের দাম কিছুটা বেশি মনে হচ্ছে। কিছু ক্ষেত্রে খাবারের পরিমাণ কিছুটা কমানো হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

তবে ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে দাম সামান্য সমন্বয় করতে হয়েছে। এর পরও রমজান উপলক্ষ্যে অনেক পণ্যে প্রায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এলাকার জনপ্রিয় খাবারের দোকান নবাবী ভোজ-এ এবারের রমজানে প্রায় ৪৮ ধরনের ইফতার সামগ্রী সাজানো হয়েছে। পেঁয়াজু, বেগুনি, ছোলা, বিভিন্ন চপ, কাবাব, লাচ্ছি, শাহী জিলাপি, নবাবী হালিম, মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি ও নানা ধরনের মিষ্টান্নসহ বহুবিধ খাবার পাওয়া যাচ্ছে।

দোকানটিতে ইফতার আইটেমের দাম ২০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ প্রায় ২০০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে। প্রতিটি পেঁয়াজু, বেগুনি ও সবজি পাকোড়ার দাম ২০ টাকা, ডিম চপ ও স্প্রিং রোল ৩০ টাকা এবং চিকেন সামুচা ও রুমালি রুটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের কাবাবের দাম ১২০ থেকে ২৯০ টাকার মধ্যে। অন্যদিকে বিরিয়ানি ও পোলাও জাতীয় খাবারের দাম ৩০০ থেকে ৩৪০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ইফতার বাজারে মিষ্টান্নের মধ্যে শাহী জিলাপি, বুন্দিয়া, ফিরনি ও জর্দার মতো জনপ্রিয় খাবারও পাওয়া যাচ্ছে। এছাড়া জাফরান ও বাদামযুক্ত শরবত এবং বিভিন্ন ধরনের দই বড়াও ক্রেতাদের আগ্রহের তালিকায় রয়েছে।

আরেকটি জনপ্রিয় প্রতিষ্ঠান এ ওয়ান ফুড-এ প্রায় ৩০টির বেশি ইফতার আইটেম বিক্রি হচ্ছে। এখানে চিকেন ড্রামস্টিক, কিমা পরোটা, ওয়েস্টার কাবাব, ভেজিটেবল কাটলেট, ফিশ বল, জালি কাবাব, স্পাইসি চিকেন ও বিভিন্ন রোল পাওয়া যাচ্ছে।

দোকানটির কর্মীরা জানান, কিছু আইটেম সারা বছর পাওয়া গেলেও রমজানে বিশেষ আইটেম যুক্ত করা হয়।

বিজ্ঞাপন

দোকানের বিক্রয়কর্মীরা বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধির পরও রমজান উপলক্ষ্যে কিছু পণ্যে প্রায় ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। নিয়মিত ক্রেতাদের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই মানসম্মত খাবার সরবরাহের ওপর জোর দেওয়া হচ্ছে।

এদিকে বোমার্স ক্যাফেতে রমজান উপলক্ষ্যে দুটি বিশেষ ইফতার প্যাকেজ চালু করা হয়েছে। ১০ আইটেমের একটি প্যাকেজের দাম ৪৫৯ টাকা এবং ৯ আইটেমের আরেকটি প্যাকেজ ৫৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

দোকানটির কর্মীরা জানান, সাধারণত রমজানের মাঝামাঝি সময়ে বিক্রি বেশি হয়, বর্তমানে তুলনামূলক কম ক্রেতা আসছেন।

আরও কয়েকটি প্রতিষ্ঠান যেমন ক্যাপিটাল ইফতার বাজার-সহ আশপাশের দোকানগুলোতেও এখন পর্যন্ত বিক্রি ধীরগতির। ব্যবসায়ীরা আশা করছেন, রমজান এগিয়ে এলে ক্রেতাদের উপস্থিতি ও বিক্রি দুই-ই বাড়বে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, এবার ইফতার বাজারে মান ও বৈচিত্র্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন আইটেম যুক্ত করা হচ্ছে। সব মিলিয়ে রমজান শুরুর আগে থেকেই বেইলি রোডের ইফতার বাজার ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD