Logo

১৬–১৭ বছর বয়সীদের এনআইডি নিবন্ধন শুরু করার সিদ্ধান্ত ইসির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৬
১৬–১৭ বছর বয়সীদের এনআইডি নিবন্ধন শুরু করার সিদ্ধান্ত ইসির
ছবি: সংগৃহীত

দেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)–এর ধারা ৫ অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

এতদিন সাধারণত ১৮ বছর পূর্ণ হওয়ার পর নাগরিকরা ভোটার তালিকাভুক্তি ও জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করতেন। তবে নতুন সিদ্ধান্তের ফলে ১৬ বছর বয়স থেকেই নিবন্ধন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তৈরি হলো। যদিও ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইন অনুযায়ী বয়সসীমা অপরিবর্তিত থাকবে, নিবন্ধন আগেভাগে সম্পন্ন হওয়ায় নাগরিকদের তথ্যভাণ্ডার হালনাগাদ রাখা সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত আদেশে বিষয়টি দেশের সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছে। একই সঙ্গে নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, বয়সভিত্তিক প্রাথমিক নিবন্ধনের মাধ্যমে ভবিষ্যৎ ভোটার তালিকা প্রণয়ন প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে। পাশাপাশি শিক্ষার্থী ও তরুণ নাগরিকদের বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রেও জাতীয় পরিচয়ভিত্তিক তথ্য ব্যবস্থাপনা সহজ হবে।

এ সিদ্ধান্তের ফলে প্রশাসনিক প্রস্তুতি, তথ্য সংগ্রহ এবং প্রযুক্তিগত অবকাঠামো আরও জোরদার করার প্রয়োজন হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তারা নির্দেশনা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম শুরু করবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD