Logo

কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:২৩
কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার কথা কম বলে কাজ বেশি করতে চায় —এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে তিনি জানান, যেকোনো সিদ্ধান্ত বা মন্তব্য দেওয়ার আগে তিনি সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করতে চান।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেদিনই ছিল তার মন্ত্রণালয়ে প্রথম অফিস।

সাংবাদিকরা তার অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হয়েছে। এ মুহূর্তে তাড়াহুড়ো করে কোনো মন্তব্য করতে চান না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, প্রকল্প ও চাপের বিষয়গুলো পর্যালোচনা করে পরে বিস্তারিত জানাবেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, তিনি কাজকেই প্রধান্য দেন। “আমি কথা কম বলি, কাজ বেশি করি”—উল্লেখ করে তিনি জানান, তথ্য-উপাত্ত যাচাই না করে কোনো বক্তব্য দিতে চান না। গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সপ্তাহে কতদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে সময় দেবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দপ্তরে কী ধরনের কাজের চাপ রয়েছে তা আগে মূল্যায়ন করবেন। এরপর সময় বণ্টন ও অগ্রাধিকার নির্ধারণ করবেন। তবে গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, সময়মতো সব তথ্য জানানো হবে।

বিজ্ঞাপন

এ সময় পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের সচিবরা তাকে শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে এলে মন্ত্রী বলেন, ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে এসে এখন কাজের দিকে মনোযোগ দেওয়ার সময়। আনুষ্ঠানিকতা নয়, কার্যকর পদক্ষেপই হবে তার অগ্রাধিকার—এমন বার্তাই দেন তিনি।

দায়িত্ব গ্রহণের শুরুতেই প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আনা এবং পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর এই বক্তব্য নতুন সরকারের কাজকেন্দ্রিক অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD