Logo

পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৮
পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন আনা হবে।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদাবরে একটি অফিসে ঢুকে সন্ত্রাসী ধরনের কর্মকাণ্ডের অভিযোগ তার কানে এসেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং তদন্তে অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে সম্ভাব্য পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, কিছু পরিবর্তন আসবেই। তবে এ পরিবর্তন কবে নাগাদ কার্যকর হবে—এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।

এ সময় তিনি জাতীয় সংসদের আসন্ন অধিবেশন নিয়েও কথা বলেন। তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতির মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন জারি করতে হলে নির্ধারিত তারিখের অন্তত ১৫ দিন আগে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন।

মন্ত্রী জানান, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বানের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে। প্রথা অনুযায়ী শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণও থাকবে কার্যসূচিতে। এছাড়া সংসদের নিয়মিত কার্যক্রমও পরিচালিত হবে।

বিজ্ঞাপন

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সময় হলে তা চূড়ান্ত করা হবে।

সাম্প্রতিক হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে, অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনতেও প্রস্তুত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD