মব কালচার রোধে কঠোর অবস্থানের বার্তা আইজিপির

রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাড়তে থাকা ‘মব কালচার’ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইজিপি জানান, গণপিটুনি বা মব কালচারের মতো আইনবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের ঘটনায় জড়িত চক্রগুলোকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ শক্তি প্রয়োগে পুলিশ পিছপা হবে না।
বিজ্ঞাপন
তিনি বলেন, মব কালচার নির্মূল করা সম্ভব, তবে এর জন্য সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, একটি নির্দিষ্ট গোষ্ঠী বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতা-কর্মীদের উদ্দেশে আইজিপি বলেন, অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। নিজ হাতে আইন তুলে নেওয়া দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে স্থিতিশীল আইনশৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নিরাপদ পরিবেশ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই আইন মানার সংস্কৃতি গড়ে তোলা সবার সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে নগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদের সচেতনতার ওপর জোর দেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৬ পদে রদবদল
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জননিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আইজিপি। ঈদযাত্রা ও কেনাকাটার সময় যাতে ছিনতাই বা হয়রানির ঘটনা না ঘটে, সে লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যাংক ও শপিংমল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নাগরিকরা যেন নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।








