Logo

নতুন সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ করেছি: দুদক চেয়ারম্যান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ, ২০২৬, ১৭:৩৪
নতুন সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ করেছি: দুদক চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

নতুন নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণ এবং দফায় দফায় দায়িত্বশীলভাবে কাজের সুযোগ করে দিতে পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেয়ার পর দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তারা।

বিদায়ী চেয়ারম্যান ড. মোমেন বলেন, নতুন সরকারের প্রত্যাশা পূরণ করতে আমরা পদত্যাগ করেছি। নির্বাচিত সরকার আসার ১৪তম দিনে পদত্যাগ করেছি, এতে কোনো বিশেষ ঘটনা বা সমস্যা নেই। আমরা বিশ্বাস করি নতুন সরকার তাদের প্রত্যাশা পূরণের জন্য আরও যোগ্য কমিশন স্থাপন করবেন, যা দুদক ও রাষ্ট্রের জন্য উপকারি হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদও উপস্থিত ছিলেন।

ড. মোমেন আরও বলেন, নতুন সরকারের সময় যে অংশটুকু কাজ করতে পেরেছি, সেজন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ।

নখ-দাঁত সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বিচার করার মালিক সাংবাদিকরা। আমাদের দায়িত্ব পালন করেছি। সরকারের ইশতেহার অনুযায়ী তারা কাজ করবে, এতে কোনো ব্যত্যয় নেই। আমরা অনুভব করছি, এখন আমাদের চেয়ে অধিকতর যোগ্য লোকের কাজ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

দুদক আইন অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান বা কমিশনাররা ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিতে পারেন। সাধারণত এক মাস আগে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে চিঠি পাঠাতে হয় এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর পদত্যাগ কার্যকর হয়।

ড. মোমেন ২০২৪ সালের ১০ ডিসেম্বর পাঁচ বছরের মেয়াদে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (১১ ডিসেম্বর) ও হাফিজ আহসান ফরিদ (১৫ ডিসেম্বর)। এর আগে ২০২৪ সালের ২৯ অক্টোবর তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার পদত্যাগ করেছিলেন।

বিজ্ঞাপন

২০০৪ সালে দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে স্বাধীন কমিশন গঠনের পর বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুলতান হোসেন খান, সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরী, গোলাম রহমান, মো. বদিউজ্জামান এবং ইকবাল মাহমুদ। এর মধ্যে সুলতান হোসেন খান ও হাসান মশহুদ চৌধুরী মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD