৩০ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

আগামী ৩০ এপ্রিল থেকে সারাদেশে নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই আয়োজন দেশব্যাপী বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৭৬ সালে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ নামের অনুষ্ঠান চালু হয়েছিল, যা বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন জনপ্রিয় ছিল। পরবর্তীতে কিছু সময় বন্ধ থাকার পর অনুষ্ঠানটি আবার সম্প্রচার শুরু হয়েছে। এবার সেই ধারাবাহিকতাকে নতুন মাত্রা দিতে ক্রীড়াভিত্তিক প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হচ্ছে।
বিজ্ঞাপন

সরকারপ্রধান আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া শুধুমাত্র বিনোদন বা শরীরচর্চার বিষয় নয়; এটি একটি স্বীকৃত পেশায় পরিণত হয়েছে। বাংলাদেশও এই ধারা থেকে পিছিয়ে থাকবে না। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ বাস্তবায়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
তিনি জানান, খেলোয়াড়রা যাতে তাদের পছন্দের খেলায় মনোযোগ দিয়ে ক্যারিয়ার গড়তে পারেন এবং আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন, সে জন্য একটি সুসংগঠিত নীতিমালার আওতায় তাদের বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের নির্দিষ্ট বেতনের আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম চালু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের উন্নয়নের পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








