সংসদ প্রাঙ্গণে স্পিকারের স্ত্রীর জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এ জানাজায় দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা অংশ নেন।
বিজ্ঞাপন
জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে মরহুমার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতাসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও অংশ নেন।
নামাজে জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষ থেকে মরহুমার কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রী নিজেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শ্রদ্ধা জানান। এরপর পর্যায়ক্রমে স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞাপন
পরিবার সূত্রে জানা গেছে, দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।








