Logo

‘মব কালচার’ বরদাস্ত নয়, নেওয়া হবে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১৭:০১
‘মব কালচার’ বরদাস্ত নয়, নেওয়া হবে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে ক্রমবর্ধমান ‘মব কালচার’ বা গণপিটুনিভিত্তিক বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দাবি আদায়ের নামে কোনো ধরনের মব তৈরি বা সড়ক অবরোধ আর বরদাস্ত করা হবে না; এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য রুমিন ফারহানা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ‘মব কালচার’ প্রতিরোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

প্রশ্নে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়কালে দেশে ২৫০ থেকে ৩০০ জন মানুষ মব সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে। তিনি নিজেও এমন ঘটনার শিকার হয়েছেন বলেও জানান।

বিজ্ঞাপন

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—বাংলাদেশে কোনোভাবেই মব কালচার চলতে দেওয়া হবে না। বিশেষ করে দাবি আদায়ের নামে মহাসড়ক বা গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের প্রবণতা আর অনুমোদন দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, সব ধরনের সহিংস ঘটনাকে ‘মব’ হিসেবে অভিহিত করা সঠিক নয়। কোনো প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা বা ভাঙচুরের ঘটনা সুসংগঠিত অপরাধ হিসেবে বিবেচিত হয়। এসব ঘটনায় নিয়মিত মামলা, তদন্ত এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।

বিজ্ঞাপন

গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায়ের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, নাগরিকদের মতপ্রকাশের অধিকার রয়েছে, তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে। সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান, সেমিনার আয়োজন কিংবা জনসমাবেশের মতো পন্থায় দাবি উপস্থাপন করা যেতে পারে।

তিনি আরও বলেন, সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করে বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়। এ ধরনের প্রবণতা থেকে সরে এসে আইনসম্মত পথে চলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD